কলকাতা, ২২ জানুয়ারি (হি.স.) : ‘‘ বিরোধী জোটের নাম ‘আইএনডিআই’ আমি দিয়েছি, অথচ বৈঠকে সম্মান পাই না’’, বললেন মমতা। বললেন, ‘‘সিপিএম বিরোধী জোট ‘আইএনডিআই’র বৈঠক নিয়ন্ত্রণ করে। আমি সেটা মানব না।’’
সোমবার সংহতি মিছিলের মঞ্চে একথা বলেন মমতা বন্দ্যোপাধ্যায়। অযোধ্যায় রামমন্দির প্রতিষ্ঠা প্রসঙ্গে মমতা বললেন, ভোটের নামে দেশটাকে বিক্রি করছে কিছু লোক। কে, কী খাবে সেটাও ওরা ঠিক করে দেবে? এই প্রশ্ন করে মমতা বলেন, ভোটের আগে ধর্মে উসকানি দেওয়া হচ্ছে। বাংলাকেই এখানে গুরুত্বপূর্ণ ভূমিকা নিতে হবে।
মমতা বললেন, ‘‘আগুন জ্বালানো সহজ, নেভানো সহজ নয়। একটা লড়াই শুরু হয়েছে। আর এই লড়াই চলবে। আমরা না ভয় পেয়ে লড়ব। আমরা কাপুরুষ নয়। তাই আমরা লড়ব।
মমতা বলেন, ‘‘বেচারা নেতাজি। এত লড়াই করলেন স্বাধীনতার জন্য। নেতাজি সুভাষচন্দ্র বোসের জন্মদিনে ওদের জাতীয় ছুটির দিবস ঘোষণা করতে বলেছিলাম। বলে দিয়েছিল হবে না। আর আজ ওরা ছুটি চাইছে। ছুটি দিচ্ছে। কারণ আজ নাকি ওদের স্বাধীনতার দিন। জানি না, ওরা নতুন করে কী স্বাধীনতা পেয়েছে। ওদের কি রাজনৈতিক স্বাধীনতার দিন? যদিও স্বাধীনতা আন্দোলনে এদের কারও টিকিটিও ছিল না। আর আজ ওরা বলছে সবাইকে ছুটি দিয়েছি। বাড়িতে থাকো আর আমাদের কথা শোনো।’’
হিন্দুস্থান সমাচার/অশোক
