মুর্শিদাবাদ, ১২ জুলাই (হি.স.) : মদের বোতল নিয়ে বাংলাদেশে পালানোর চেষ্টার সময় বাধা পেয়ে এক পাচারকারী বিএসএফ জওয়ানদের আক্রমণ করে। পাল্টা জওয়ানরা গুলি চালায়। শনিবার ভোরে মুর্শিদাবাদের সুতি থানার বাজিতপুরের ভারত-বাংলাদেশ সীমান্তের ঘটনা। জখম পাচারকারীকে মালদা মেডিক্যাল কলেজ হাসপাতালে ভর্তি করা হয়েছে।
পুলিশ ও বিএসএফ সূত্রে খবর, জখম পাচারকারী শফিকুল ইসলাম বাংলাদেশের চাঁপাই নবাবগঞ্জের বাসিন্দা। অভিযোগ, এ দিন প্রায় এক ডজন মদের বোতল নিয়ে বাজিতপুর সীমান্ত দিয়ে বাংলাদেশে পালানোর চেষ্টা করছিলেন শফিকুল।
তাঁকে দেখেই থামতে বলেন সীমান্তে টহলরত ১৯ নম্বর বিএসএফ ব্যাটেলিয়ানের জওয়ানরা। কিন্তু শফিকুল পাল্টা বিএসএফ-কে হুমকি দেয় বলে অভিযোগ। এর পরেই রবার বুলেট ছোড়ে জওয়ানরা। গুলি লাগে শফিকুলের পায়ে। সীমান্তেই লুটিয়ে পড়েন শফিকুল। এর পরেই তাঁকে গ্রেফতার করে বিএসএফ।
—————
হিন্দুস্থান সমাচার / অশোক সেনগুপ্ত
