বারুইপুর, ৩১ আগস্ট (হি.স.): দুঃসাহসিক চুরির ঘটনা ঘটল দক্ষিণ ২৪ পরগনার বারুইপুরে। বাড়ির একটি ঘরে ঘুমন্ত অবস্থায় ছিলেন কেয়ারটেকার দম্পতি। আর সেই সুযোগে পাশের ঘরের জানালার গ্রিল ভেঙে দিয়ে ভিতরে ঢুকে প্রায় সর্বস্ব নিয়ে চম্পট দিল চোর! দুঃসাহসিক চুরির এই ঘটনা ঘটেছে বারুইপুরের ১০ নম্বর ওয়ার্ড ঋষি বঙ্কিম নগরে। ঘটনায় এলাকায় আতঙ্ক ছড়িয়েছে।
পরিবার সূত্রে দাবি, ঘরের আলমারির লকার, ড্রয়ার ভেঙে , কার্যত ঘর লন্ডভন্ড করে চম্পট দিয়েছে দুষ্কৃতীরা। চুরি হওয়া জিনিসের মধ্যে রয়েছে ব্যাঙ্কের লকারের চাবি, গাড়ির চাবি, তিনটি দামী হাত ঘড়ি, ব্যাগে রাখা কিছু টাকা, কিছু গয়নাও। পুলিশ এই চুরির ঘটনার তদন্তে নেমেছে।
—————
হিন্দুস্থান সমাচার / মৌমিতা
