আগরতলা, ২৩ অক্টোবর (হি.স.): বাংলাদেশ থেকে অবৈধ অনুপ্রবেশ বন্ধের দাবিতে নাগরিক সমাজের (সিভিল সোসাইটি) একটি অংশের আহ্বানে বৃহস্পতিবার সকালে শুরু হল ২৪ ঘন্টার বনধ। রাজধানী আগরতলা শহরের পাশাপাশি রাজ্যের বিভিন্ন স্থানে পিকেটিং করা হচ্ছে। আগরতলা শহরের উত্তর গেইট এলাকায় তিপ্রা মথা বিধায়ক রণজিৎ দেববর্মার তত্ত্বাবধানে হচ্ছে পিকেটিং। রাস্তা অবরোধ কর হচ্ছে এখানে টায়ার জ্বালিয়ে।
এদিকে, বড়মুড়ায় সাধুপাড়ায় জাতীয় সড়ক অবরোধ করা হয়েছে। খোয়াই জেলার আশারামবাড়িতেও সড়ক অবরোধ চলছে। বেলফাং এলাকায় করা হয়েছে সড়ক অবরোধ। সাব্রুম – আগরতলা ৮ নম্বর জাতীয় সড়কের শাকবাড়ি ও সাঁচিরাম বাড়িতে সকাল সাতটা থেকে পিকেটিং শুরু হয়েছে। তাছাড়া একাধিক জায়গায় রেল লাইন অবরোধ করা হয়েছে। এখন পর্যন্ত রাজ্যের ৪৫টি জায়গায় পিকেটিং ও অবরোধ করা হচ্ছে। এই অবরোধে তিপ্রা মথার নেতা কর্মীদের দেখা যাচ্ছে।
উল্লেখ্য, তিপ্রা মথার বিধায়ক রণজিৎ দেববর্মার নেতৃত্বে নাগরিক সমাজের একটি প্ল্যাটফর্ম ভারত-বাংলাদেশের ৮৫৬ কিলোমিটার সীমান্তে অনুপ্রবেশ সম্পূর্ণভাবে রুখতে এই ২৪ ঘণ্টার বনধের ডাক দিয়েছে। যদিও তিপ্রা মথা রাজ্যের ক্ষমতাসীন বিজেপির সহযোগী, জনজাতি সম্পর্কিত বিভিন্ন বিষয়ে দলটি সক্রিয় প্রতিবাদ ও আন্দোলন চালিয়ে যাচ্ছে।
এদিকে বনধকে কেন্দ্র করে যাতে কোথাও কেন ধরনের অপ্রীতিকর ঘটনা না ঘটে সেজন্য পুলিশ প্রশাসনের তরফে ব্যাপক নিরাপত্তা ব্যবস্থা কর হয়েছে। অন্যদিকে ধর্মঘট এর পরিপ্রেক্ষিতে রাজ্য সরকারের সাধারণ প্রশাসন দফতরের পক্ষ থেকে এক বিজ্ঞপ্তিতে উল্লেখ করা হয়েছে বৃহস্পতিবার সমস্ত সরকারি দফতর, সরকার অধিগৃহীত সংস্থা সমূহ এবং রাজ্য সরকারের আওতায় থাকা বিভিন্ন সংস্থার অফিসে স্বাভাবিক কাজকর্ম বজায় থাকবে। সমস্ত সরকারি কর্মচারি ও সরকার অধিগৃহীত বিভিন্ন সংস্থার কর্মচারিরা এদিন তাঁদের নিয়মিত দায়িত্ব পালন করবেন। বিভিন্ন দফতর, অধিগৃহীত সংস্থাসমূহের কর্মচারিদের হাজিরা সম্পর্কিত তথ্য নির্দিষ্ট সময়ের মধ্যে সাধারণ প্রশাসনের কাছে পাঠানোর জন্যও বিজ্ঞপ্তিতে উল্লেখ করা হয়েছে।
হিন্দুস্থান সমাচার / গোবিন্দ দেবনাথ
