কলকাতা, ৯ জুলাই (হি.স.): ব্যক্তিগত নিরাপত্তারক্ষী নিয়ে বিধানসভার অন্দরে প্রবেশাধিকারের মামলায় রাজ্য তার কড়া অবস্থানের কথা জানাল। বিরোধী দলনেতা শুভেন্দু অধিকারীর আনা মামলার শুনানিতে বুধবার রাজ্যের অ্যাডভোকেট জেনারেল। জানিয়ে দিলেন সংশ্লিষ্ট আইনের কথা। আগামী ২১ জুলাই ফের এই মামলার শুনানি।
এদিন বিচারপতি অমৃতা সিনহার এজলাসে ছিল সংশ্লিষ্ট মামলার শুনানিতে সওয়াল করতে গিয়ে রাজ্যের অ্যাডভোকেট জেনারেল (এজি) বলেন, “বিধানসভার নিরাপত্তার দায়িত্বে থাকেন মার্শাল। যখন অধিবেশন চলে সেসময় বিধানসভায় মার্শালের নেতৃত্বে কলকাতা পুলিশের বিশেষ বাহিনী মোতায়েন করা হয়। শাসকদল বা বিরোধী দলের বিধায়করা কিংবা মন্ত্রী বা বিরোধী দলনেতার ব্যক্তিগত নিরাপত্তারক্ষীদের একটি নির্দিষ্ট জায়গা পর্যন্ত প্রবেশ করতে দেওয়া হয়। সেক্ষেত্রে বিরোধী বা শাসক দল কিংবা রাজ্য বা কেন্দ্রীয় নিরাপত্তারক্ষীর ক্ষেত্রে কোনও বাদ বিচার নেই।”
প্রসঙ্গত, সম্প্রতি বিধানসভার অন্দরে বিরোধী দলনেতাকে হেনস্তা হতে হয়েছে এমন অভিযোগে তাঁর নিরাপত্তার দায়িত্বে থাকা কেন্দ্রীয় বাহিনীর সদস্যদের বিধানসভায় প্রবেশের দাবিতে হাই কোর্টের দ্বারস্থ হয়েছিলেন বিরোধী দলনেতা শুভেন্দু অধিকারী।
—————
হিন্দুস্থান সমাচার / মৌসুমী সেনগুপ্ত
