নদিয়া, ১৮ অক্টোবর (হি.স.): নদিয়ার করিমপুরে ডাম্পারের ধাক্কায় মোটরবাইক থেকে ছিটকে পড়ে গিয়ে প্রাণ হারালেন এক যুবক। এই দুর্ঘটনায় গুরুতর আহত হয়েছেন আরও একজন, তিনি স্থানীয় পঞ্চায়েত প্রধানের স্বামী। বুধবার সকালে কাজে বেরিয়েছিলেন তৃণমূল পঞ্চায়েত প্রধানের স্বামী আজিজুল শেখ। সঙ্গে ছিলেন তাঁর এক সঙ্গী রাশিদুল শেখ। উল্টো দিক থেকে দ্রুত গতিতে ছুটে আসা একটি ডাম্পার সরাসরি ধাক্কা দেয় তাঁর বাইকে। সংঘর্ষে গুরুতর জখম হন দু’জনই। তড়িঘড়ি তাঁদের উদ্ধার করে নদিয়ার করিমপুরের নতিডাঙা ব্লক প্রাথমিক স্বাস্থ্যকেন্দ্র নিয়ে গেলে বাইকের চালক রাশিদুল শেখকে (২০) মৃত বলে ঘোষণা করেন চিকিৎসকেরা। আশঙ্কাজনক অবস্থায় চিকিৎসাধীন সদ্য নির্বাচিত গ্রাম পঞ্চায়েত প্রধানের স্বামী আজিজুল শেখ।
পুলিশ জানিয়েছে, বুধবার সকাল ৯টা নাগাদ নতিডাঙা-করিমপুর রাজ্য সড়কে একটি ডাম্পারের সঙ্গে বাইকের মুখোমুখি সংঘর্ষ হয়। ওই বাইকের পিছনের আসনে বসে ছিলেন পঞ্চায়েত প্রধানের স্বামী। বাইক চালাচ্ছিলেন তাঁর এক সঙ্গী। দুর্ঘটনায় রক্তাক্ত অবস্থায় দু’জন রাস্তায় পড়েছিলেন। স্থানীয়েরা তাঁদের উদ্ধার করে নতিডাঙা গ্রামীণ হাসপাতালে নিয়ে গেলে কর্তব্যরত চিকিৎসক বাইকের চালককে মৃত বলে ঘোষণা করেন। পুলিশ এই দুর্ঘটনার তদন্ত শুরু করেছে।
হিন্দুস্থান সমাচার। রাকেশ।
