কলকাতা, ২৯ নভেম্বর (হি.স.): বঙ্গোপসাগরে একটি ঘূর্ণিঝড়ের রেশ কাটতে না কাটতে নতুন ঘূর্ণিঝড় তৈরি হয়ে গিয়েছে। তবে, সেই ঘূর্ণিঝড়ের প্রভাব পড়বে না পশ্চিমবঙ্গে। পরোক্ষ প্রভাবে হাওয়ার গতি পরিবর্তন হতে পারে। কলকাতা-সহ দক্ষিণবঙ্গে তাপমাত্রা উর্ধ্বমুখী হবে। দুই থেকে তিন ডিগ্রি সেলসিয়াস তাপমাত্রা বাড়তে পারে। আলিপুর আবহাওয়া দফতর সূত্রের খবর, আপাতত শুষ্ক আবহাওয়া থাকবে। কোনও কোনও জেলায় সকালে কুয়াশা থাকতে পারে, পরে পরিষ্কার হবে আকাশ। শনিবার সকালের মতোই হালকা শীতের আমেজ বজায় থাকবে।
উত্তরবঙ্গের পার্বত্য এলাকার ক্ষেত্রে তাপমাত্রার খুব একটা পরিবর্তন হবে না আগামী কয়েক দিন। বৃষ্টির সম্ভাবনা নেই, শুষ্কই থাকবে আবহাওয়া। দুই দিনাজপুর ও মালদাতে তাপমাত্রা সামান্য বাড়তে পারে সপ্তাহান্তে। শনিবার কলকাতার সর্বনিম্ন তাপমাত্রা ছিল ১৭.৪ ডিগ্রি সেলসিয়াস, যা স্বাভাবিকের থেকে ০.২ ডিগ্রি কম। আগামী দু-তিন দিনে অন্তত দুই থেকে তিন ডিগ্রি সেলসিয়াস তাপমাত্রা বাড়বে। সপ্তাহান্তে স্বাভাবিকের কাছাকাছি থাকতে পারে পারদ।
—————
হিন্দুস্থান সমাচার / মৌমিতা
