কলকাতা, ৩০ নভেম্বর (হি.স.): নিয়োগ দুর্নীতি মামলার তদন্তে আবারও তৎপর হয়ে উঠল সিবিআই। এবার তৃণমূল কংগ্রেসের বিধাননগর পুরসভার কাউন্সিলর দেবরাজ চক্রবর্তীর বাড়িতে পৌঁছল সিবিআই। দেবরাজ তৃণমূল বিধায়ক অদিতি মুন্সীর স্বামী।
বৃহস্পতিবার সকাল থেকেই নিয়োগ দুর্নীতি মামলার তদন্তে বিভিন্ন জায়গায় তল্লাশি অভিযান শুরু করেছে সিবিআই। সকালে তৃণমূলের আরও এক কাউন্সিলর বাপ্পাদিত্য দাশগুপ্তের বাড়িতে পৌঁছেছিল সিবিআই। সেখানে তল্লাশি যখন চলছে তখনই সিবিআই-এর আরও একটি দল পৌঁছে যায় দেবরাজের বাড়িতে।
ঘড়ির কাঁটার সকাল তখন ৯টা ১০ মিনিট, রাজারহাটে দেবরাজের বাড়িতে পৌঁছয় সিবিআইয়ের দলটি। যদিও সেই সময় দেবরাজ বাড়িতে ছিলেন না। পরিবারের সদস্যরা জানান, দেবরাজ বাড়িতে নেই। যদিও এর কিছু ক্ষণের মধ্যেই দেবরাজের গাড়ি এসে পৌঁছয় তাঁর বাড়ির সামনে। সিবিআইয়ের গোয়েন্দারা তাঁকে সঙ্গে নিয়ে ভিতরে ঢুকে যান। সূত্রের খবর, দেবরাজকে জিজ্ঞাসাবাদ করছেন সিবিআই আধিকারিকরা।
হিন্দুস্থান সমাচার। রাকেশ।
