কদমতলা (ত্রিপুরা), ৩০ জুলাই (হি.স.): উত্তর ত্রিপুরা জেলার কদমতলা থানাধীন ঈচাই লালছড়া গ্রামে ঘটে যাওয়া চাঞ্চল্যকর ডাকাতি কাণ্ডে পুলিশের জালে ধরা পড়ল আরও এক দূর্ধর্ষ ডাকাত। তার নাম সেলিম উদ্দিন (৩৫), পিতা -কমর উদ্দিন, বাড়ি- চুরাইবাড়ি থানার অন্তর্গত খাদিমপাড়া ৩নং ওয়ার্ড এলাকায়। অভিযুক্তের বাড়ি থেকে উদ্ধার হয়েছে ডাকাতির সময় ব্যবহৃত বিএসএফ জওয়ানের পোশাক, মোবাইল ফোন, নগদ টাকা, ধারালো অস্ত্র সহ অন্যান্য সামগ্রী। এখনও পর্যন্ত তিনজন গ্রেফতার হয়েছে এই ডাকাতির ঘটনায়।
শুক্রবার গভীর রাতে উত্তর ত্রিপুরার ধর্মনগর মহকুমার অন্তর্গত কদমতলা থানার অধীন ঈচাই লালছড়া গ্রাম পঞ্চায়েতের ৫ নম্বর ওয়ার্ডে ঘটে চাঞ্চল্যকর ডাকাতির ঘটনা। স্থানীয় বাসিন্দা সুব্রত কুমার রেসের বাড়িতে হানা দেয় একদল ডাকাত। পরিবারের সদস্যদের রশি দিয়ে বেঁধে লুট করে নিয়ে যায় স্বর্ণালঙ্কার ও নগদ টাকা।
এই ঘটনায় কদমতলা থানার পুলিশ তদন্তে নেমে রবিবার রাতে দুই ডাকাতকে গ্রেফতার করতে সক্ষম হয়। ধৃতরা হলেন দক্ষিণ হুরুয়া গ্রামের বাসিন্দা কমপু শুক্লদাশ এবং দক্ষিণ কদমতলা এলাকার বাসিন্দা জমির উদ্দিন। কদমতলা থানার পুলিশ আধিকারিক জানান, ধৃতদের সোমবার রিমান্ডের আবেদন জানিয়ে আদালতে সোপর্দ করা হয়েছে। প্রাথমিক জিজ্ঞাসাবাদে জানা গিয়েছে, এই ডাকাতি কাণ্ডে আরও ২-৩ জন জড়িত রয়েছে, যাদের চিহ্নিত করার চেষ্টা চলছে।
হিন্দুস্থান সমাচার / গোবিন্দ দেবনাথ
