কলকাতা, ২৫ অক্টোবর (হি.স.): প্রতিবারই ঠিক যেমনটা হয়, এবারও অন্যথা হল না। উমা ক’টা দিনের জন্য কৈলাস ছেড়ে বাপের বাড়ি আসেন। তখন ‘মা আসছে’র আনন্দসুরে ভেসে ওঠে চারদিক। তার পর উৎসব শুরু হতে না হতেই শেষ, আচমকা বেজে উঠল বিদায়ের বিষাদধ্বনি। আবার কৈলাসে ফিরে যাচ্ছেন উমা। উৎসব শেষ। শহর তথা জেলায় জেলায় চলছে বিসর্জন-পর্ব। কলকাতায় বিসর্জন চলবে শুক্রবার পর্যন্ত।
খিদিরপুরের দহিঘাট, বাবুঘাট, আহিরীটোলা ঘাট, কুমোরটুলি, বাজাকদমতলা ঘাটে সব বন্দোবস্ত করা হয়েছে। অন্য বারের মতো এ বারও গঙ্গার ঘাটগুলি থেকে প্রতিমার কাঠামো তোলার জন্য পুরসভার তরফে ক্রেন রাখা হয়েছে। যাতে দূষণ নিয়ন্ত্রণ পর্ষদের নির্দেশ মতো প্রতিমা বিসর্জন হওয়ার সঙ্গে সঙ্গেই কাঠামো জল থেকে তুলে ফেলা যায়। এ ছাড়াও লাইফবোট, পর্যাপ্ত আলো ও বর্জ্য নিষ্কাশনের ব্যবস্থা রয়েছে। এই চার দিন বিসর্জন ঘিরে যাতে কোনও অপ্রীতিকর ঘটনা না ঘটে, তার জন্য গঙ্গার প্রতিটি ঘাটের নিরাপত্তা বৃদ্ধি করা হয়েছে।
হিন্দুস্থান সমাচার। রাকেশ।
