জৌনপুর, ২৭ নভেম্বর (হি. স.) : উত্তর প্রদেশের জৌনপুরের মছলিশহর থানার অন্তর্গত এলাকার আরুয়ানওয়া বাজারের কাছে বুধবার গভীর রাতে দুষ্কৃতীরা এক যুবককে গুলি করে পালায় বলে অভিযোগ। আহত ধীরজ যাদব (২৩), বাড়ি দেওরিয়া গ্রামে।
গুলির শব্দে এলাকায় চাঞ্চল্য ছড়ায়। স্থানীয়রা ধীরজকে রক্তাক্ত অবস্থায় মছলিশহরের হাসপাতালে নিয়ে যায়। প্রাথমিক চিকিৎসার পরে সংকটজনক অবস্থায় তাকে বারাণসীর বিএইচইউ ট্রমা সেন্টারে স্থানান্তর করা হয়। চিকিৎসকদের মতে, তার অবস্থা উদ্বেগজনক। পুলিশ ঘটনাস্থল থেকে একটি আগ্নেয়াস্ত্র উদ্ধার করে।
বৃহস্পতিবার এক পুলিশ আধিকারিক জানিয়েছেন, ঘটনায় ধীরজের পরিবার লিখিত অভিযোগ দায়ের করেছে। পুরোনো শত্রুতার জেরে এই ঘটনা বলে মনে করা হচ্ছে। এই ঘটনায় তিন অভিযুক্তকে গ্রেফতার করেছে পুলিশ। উদ্ধার হয়েছে ঘটনায় ব্যবহৃত অস্ত্রটিও। তদন্তে সব দিক খতিয়ে দেখা হচ্ছে বলেও পুলিশ জানিয়েছে।
—————
হিন্দুস্থান সমাচার / সৌমি বৈদ্য
