কলকাতা, ১৪ জানুয়ারি (হি. স.) ফের বিতর্কে ক্যানিং পূর্বের বিধায়ক শওকত মোল্লা । নাম না করে আইএসএফ কর্মীদের ‘জিনা হারাম’ করে দেওয়ার হুঁশিয়ারি দিয়ে এবার বিতর্কে জড়ালেন ক্যানিং পূর্বের বিধায়ক । ভাঙড়ের তৃণমূলের পর্যবেক্ষকের এই মন্তব্যকে ঘিরে শোরগোল পড়েছে এলাকায়। এ নিয়ে সরব হয়েছে আইএসএফ এবং বিজেপি ।
আইএসএফের প্রতিষ্ঠা দিবস উপলক্ষ্যে ভাঙড়ের বিভিন্ন প্রান্তের আইএসএফ কর্মীরা দলীয় পতাকা লাগাতে গেলে তৃণমূল কর্মীদের সঙ্গে বচসা বাধে। যা নিয়ে সংঘাতের পরিস্থিতি তৈরি হয়। আর এ নিয়েই বিস্ফোরক মন্তব্য করলেন বিধায়ক শওকত। ভাঙড়ের বোদরা অঞ্চলের খড়গাছিতে একটি সভার আয়োজন করে তৃণমূল। সেখানে নাম না করে মূলত আইএসফকে নিশানা করে শওকত বলেন, ‘রাজনৈতিক লড়াইয়ে দু-এক জন খুন হলেও শত্রুর সঙ্গে এক ইঞ্চিও কম্প্রোমাইজ করব না।’ তৃণমূল বিধায়কের কথায়, ‘প্রশাসন যদি দৃষ্টান্তমূলক শাস্তি না দেয়, তাহলে তাঁদের শাস্তি এখানকার জনগণের থেকে পেতে হবে। তাদের বোদরা এলাকায় ‘জিনা হারাম’ করে দেব! দায়িত্ব নিয়ে আমি বলে যাচ্ছি।’ এ নিয়ে রীতিমতো তৃণমূল বিধায়ককে তোপ দেগেছেন বিরোধীরা।
শওকতের এই মন্তব্যের প্রেক্ষিতে আইএসএফ এর জেলা পরিষদ সদস্য রাইনুর হক বলেন, ‘‘রাজনীতি করতে এসে খুনোখুনি কেন করতে হবে? মানুষের যাকে পছন্দ তাকেই বেছে নেবে। আর শান্তিপূর্ণ এবং নিরপেক্ষ ভাবে ভোট হলে ভাঙড়ের মাটিতে তৃণমূল বলে কিছু থাকবে না।’’ তাঁর সংযোজন, ‘‘রক্তারক্তি না হলে ভাঙড়ের মাটিতে তৃণমূল থাকতে পারবে না। তাই আগে থেকে ভয় পেয়ে শওকত মোল্লারা এ সব বলছেন।’’
হিন্দুস্থান সমাচার / কাকলি
