পূর্ব বর্ধমান, ৫ আগস্ট (হি.স.): ভেঙে পড়ল মাটির বাড়ি। ঘুমন্ত অবস্থায় চাপা পড়ে মৃত্যু হল দম্পতির। মঙ্গলবার ভোর সাড়ে চারটে নাগাদ ঘটনাটি ঘটেছে পূর্ব বর্ধমানের জামালপুরের বেরুগ্রাম গ্রাম পঞ্চায়েতের মাঠ নসিপুর এলাকায়। মৃত দম্পতির নাম মোহাম্মদ ইউনুস মল্লিক( ৫৭) ও রিজিয়া বেগম মল্লিক (৫৩)। পুলিশ এসে যন্ত্রের সাহায্যে মাটি সরিয়ে দু’টি দেহ উদ্ধার করে।
জানা গেছে, মঙ্গলবার আনুমানিক ভোর সাড়ে চারটের সময় জামালপুরের বেরুগ্রাম পঞ্চায়েতের মাঠ নসিপুর গ্রামের বাসিন্দা প্রৌঢ় মহম্মদ ইউনুস মল্লিকের মাটির বাড়ি হুড়মুড়িয়ে ভেঙে পড়ে। ঘুমন্ত অবস্থায় ইউনুস দম্পতি চাপা পড়ে যান। পাড়াপড়শিরা বাড়ি ভেঙে পড়ার শব্দ শুনে ছুটে আসেন। কিন্তু কোনওভাবে তাঁদের উদ্ধার করা যায়নি। খবর পেয়ে পুলিশ আসে। জেসিবি এনে ধ্বংসস্তূপ সরিয়ে দু’টি দেহ উদ্ধার করা হয়। জামালপুর ব্লক হাসপাতালে নিয়ে গেলে কর্তব্যরত চিকিৎসক তাঁদের মৃত বলে ঘোষণা করেন। দেহ ময়নাতদন্তের জন্য বর্ধমান মেডিক্যালে পাঠানো হয়।
—————
হিন্দুস্থান সমাচার / সৌম্যজিৎ
