ধর্মনগর, ৭ ডিসেম্বর (হি.স.) : অবশেষে উদ্ধার ত্রিপুরার ধর্মনগরের যুবক অমিত। মুম্বাই শহরে প্রায় এক সপ্তাহ বন্দি থাকার পর উত্তর জেলার ধর্মনগর থানার আন্তরিক প্রচেষ্টায় ও মুম্বাই পুলিশের সহযোগিতায় উদ্ধার রাজ্যের যুবক। যুবকের নাম অমিত নাথ (৩২),বাড়ি কাঞ্চনপুরে। অবশেষে অমিত এদিন দুপুরে ট্রেনে করে ধর্মনগরে আসে। মুম্বাই থেকে ফিরে অমিত ধর্মনগর থানার ওসি নাড়ু গোপাল দেবের সঙ্গে দেখা করে। তার সাথে ঘটে যাওয়া ঘটনার বিবরণ সে জানায় পুলিশের কাছে।
অমিত জানায়, একটি কোম্পানিতে চাকুরী দেওয়ার নাম করে তাকে দিল্লী থেকে মুম্বাইয়ে নিয়ে আটকে রাখা হয়। সে জানায়, ওই প্রতারক কোম্পানি তাকে ফোন করে প্রথমে দিল্লীতে একটি হোটেলে উচ্চ বেতনে চাকুরীর অফার দেয়। সেই মোতাবেক গত ২২ নভেম্বর সে ধর্মনগর থেকে দিল্লীর উদ্দেশ্যে রওয়ানা দেয়। কিন্তু দিল্লী যাওয়ার পর কোম্পানির লোকেরা জানায় তাকে যে কাজের জন্য দিল্লী আনা হয়েছে সেই কাজে তাকে রাখা যাবে না। অর্থাৎ সেই জায়গা খালি নেই।
এরপরই অমিতকে মুম্বাইয়ের একটি বাড়িতে কাজে যুক্ত করা হয়। সে জানায় ওই বাড়িতে কাজে যোগ দেওয়ার পর তার মোবাইল ছিনিয়ে নিয়ে তাকে বন্দি করে রাখা হয়। তাছাড়া ঘরের সকল কাজ তাকে দিয়ে করানো হতো। সেখানে থেকে কোন মতে সে তার বড় বোনকে ফোন করে বিষয়টি জানায়। বড় বোন ঘটনাটি ধর্মনগর থানার ওসিকে জানালে তিনি অমিতকে মুম্বাই থেকে উদ্ধার করতে মুম্বাই পুলিশের সহযোগিতা চান। অবশেষে গত ১লা ডিসেম্বর রাতে মুম্বাই পুলিশ অমিতকে পূর্ব মুম্বাইয়ের একটি ফ্ল্যাট থেকে উদ্ধার করে। তারপর ২রা ডিসেম্বর তাকে ত্রিপুরার উদ্দেশ্যে ট্রেনে তুলে দেয় মুম্বাই পুলিশ। হিন্দুস্থান সমাচার / গোবিন্দ
