প্রয়াগরাজ, ১৯ জুলাই ( হি. স.): তদন্তে নাম কাটাতে ঘুষ চাইছিলেন ২৫ হাজার টাকা। অবশেষে হাতেনাতে গ্রেফতার হলেন প্রয়াগরাজের এক পুলিশ আধিকারিক। উত্তর প্রদেশের অ্যান্টি করাপশন ব্যুরোর ট্র্যাপ টিম অভিযান চালিয়ে ওই পুলিশকর্মীকে ঘুষ নিতে গিয়ে ধরেন।
ধৃতের নাম অভিনব সিংহ। তিনি বালিয়া জেলার সহতওয়ার থানার অন্তর্গত রজৌলি গ্রামের বাসিন্দা। বর্তমানে প্রয়াগরাজের করছনা থানায় কর্মরত ছিলেন।
পুলিশ সূত্রে জানা গেছে, করছনার দেবরি গ্রামের বাসিন্দা রবি সিং অভিযোগ করেন এক মামলার তদন্ত চলাকালীন ধৃত পুলিশ আধিকারিক তাঁর নাম বাদ দেওয়ার জন্য ২৫ হাজার টাকা ঘুষ দাবি করেন। সেই অভিযোগের ভিত্তিতেই অভিযান চালিয়ে অভিযুক্তকে গ্রেফতার করা হয়। তদন্ত শুরু করেছে পুলিশ।
—————
হিন্দুস্থান সমাচার / ফারজানা পারভিন
