ত্রিশূর, ৬ আগস্ট (হি.স.): কেরলের ত্রিশূর জেলার কোডালি সরকারি উচ্চ প্রাথমিক বিদ্যালয়ের একটি হলঘরের ছাদ ভেঙে পড়ার পরে বুধবার বড়সড় দুর্ঘটনা এড়ানো গিয়েছে। সৌভাগ্যবশত, এ দিন ভারী বৃষ্টিপাতের কারণে স্কুল বন্ধ ছিল। ছুটির জন্য স্কুলে কোনও ছাত্রছাত্রী বা শিক্ষক-কর্মী উপস্থিত ছিলেন না। ঘটনাটি ঘটে এদিন ভোরের দিকে।
জানা গেছে, ঢালাইয়ের নীচে লাগানো জিপসাম বোর্ডের কাঠামো হলঘরের ভিতরে ভেঙে পড়ে। কাঠামোটি ২০২৩ সালে প্রায় ৫৪ লক্ষ টাকা খরচ করে তৈরি করা হয়েছিল। স্থানীয় বাসিন্দাদের দাবি, দু’মাস আগেই ভারী বৃষ্টিপাতের সময়ে ছাদে ফাটল দেখা দিয়েছিল। বারবার অভিযোগ করা সত্ত্বেও, স্কুল কর্তৃপক্ষ ছাদ মেরামত বা প্রতিস্থাপনের জন্য কোনও পদক্ষেপ করেনি।
—————
হিন্দুস্থান সমাচার / সৌম্যজিৎ
