কলকাতা, ৮ জানুয়ারি (হি.স.): ‘যোগ্যশ্রী’ নতুন এক প্রকল্পের সূচনা করলেন মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায়। তিনি জানান, এই প্রকল্পে রাজ্যের অনগ্রসর তপশিলি জাতি ও আদিবাসী ছাত্র ছাত্রীদের বিনামূল্যে সরকারি চাকরির প্রবেশিকা থেকে শুরু করে জয়েন্ট এন্ট্রান্স (মূল এবং রাজ্য) ও নিট পরীক্ষার জন্য প্রশিক্ষণ দেওয়া হবে।
মুখ্যমন্ত্রী এদিন তাঁর ভাষণে বলেন, ‘‘২ হাজার ২৫৪ জন ট্রেনিং নিয়ে কোর্সে চান্স পেয়েছে। জেলায় জেলায় ৫০টি সেন্টার চালু হয়েছে। চাকরির পরীক্ষার ট্রেনিংয়ের জন্য জেলায় দু’টি করে মোট ৪৬ সেন্টার করা হচ্ছে।’’
প্রশিক্ষণের বিভিন্ন সরকারি চাকরির প্রবেশিকা পরীক্ষা, ব্যাঙ্ক, রেল, পোস্ট অফিস, সামরিক ও আধাসামরিক বাহিনী, পুলিশ, সরকারি বিভিন্ন সংস্থায় গ্রুপ বি, সি এবং ডি পদের জন্য প্রশিক্ষণ দেওয়া হবে। তাদের জন্য ৩০০ ঘণ্টার এবং ছ’মাসের এই কোর্সের জন্য ৪ ঘণ্টা করে সপ্তাহে তিনদিন ক্লাসের ব্যবস্থা থাকবে।
জানা গিয়েছে, এই পাঠ্যক্রমের জন্য আবেদন প্রক্রিয়া শুরু হবে ফেব্রুয়ারি মাস থেকে। কী ভাবে আবেদন করতে হবে, কোথায় আবেদন করতে হবে এবং কারা আবেদন করতে পারবেন সেটা খুব তাড়াতাড়ি জানিয়ে দেওয়া হবে।
হিন্দুস্থান সমাচার/ অশোক
