নয়াদিল্লি, ২ জানুয়ারি (হি.স.): কামদুনি মামলায় পাশে দাঁড়ানোর জন্য রাজ্যের বিরোধী দলনেতা শুভেন্দু অধিকারীকে ধন্যবাদ জানালেন কামদুনি মামলার অন্যতম প্রতিবাদী মুখ, মৌসুমী কয়াল। তবে, কামদুনি আন্দোলনে কোনও রাজনৈতিক রং লাগাতে নারাজ তিনি।
কলকাতা হাইকোর্টের ডিভিশন বেঞ্চের রায়কে চ্যালেঞ্জ জানিয়ে সুপ্রিম কোর্টের দ্বারস্থ হয়েছেন কামদুনির নির্যাতিতার ভাই। মঙ্গলবার তাঁর আবেদন গৃহীত হয় আদালতে। এদিন দিল্লিতে তাঁদের সঙ্গেই উপস্থিত ছিলেন মৌসুমী। সংবাদমাধ্যমকে তিনি বলেন, রাজ্য সরকারের এসএলপি-র সঙ্গে আমাদের এসএলপি যুক্ত করা হয়েছে। আমরা খুবই খুশি। আশা করি বিচার পাব। ১০ বছরের লড়াই।
মৌসুমী বলেন, সুবুদ্ধিসম্পন্ন কিছু মানুষ পাশে ছিলেন, আজও আছেন। গায়ে কোনও রকম রং না লাগিয়ে প্রত্যেককে ধন্যবাদ জানাই। বিশেষ করে শুভেন্দু অধিকারীকে ধন্যবাদ জানাচ্ছি। উনি আমাদের এতদূর আসতে সাহায্য করেছেন। আমাদের অ্যাডভোকেট দেওয়ার পিছনে ওঁর একমাত্র হাত। ব্যক্তিগত ভাবে ওঁকে ধন্যবাদ জানাই।
এদিন মৌসুমী বলেন, এখনও পর্যন্ত সব দলই সাহায্য করে যাচ্ছে, যাতে আমরা বিচার পাই। ব্যক্তিগত ভাবে সকলকে ধন্যবাদ জানাই। কারণ এই আন্দোলন আমাদের গরিবের আন্দোলন। রাজ্যে গরিবের বিচার হয় না। টাকা নেই বলে বিচার পায় না গরিব। সাধারণ এবং সুবুদ্ধিসম্পন্ন মানুষ যাঁরা পাশে রয়েছে, তাঁদের সকলকে ধন্যবাদ জানাই। আবার আশা আলো জেগেছে মনে। লড়াই লড়ছি, লড়ব। যতদিন পর্যন্ত বিচার না পাচ্ছি, লড়াই চলবে।
মঙ্গলবার এই মামলার প্রথম শুনানি ছিল। এদিন শুনানি যদিও বেশি দূর এগোয়নি। তবে মামলায় সঙ্গে জড়িত সকলকে নোটিস দিয়েছে আদালত, নোটিস দেওয়া হয়েছে রাজ্যকেও।
হিন্দুস্থান সমাচার/ অশোক/ কাকলি
