কলকাতা, ২৯ জুলাই (হি.স.): কলকাতা-সহ দক্ষিণবঙ্গের সর্বত্রই বর্ষার বৃষ্টি চলছে, বৃষ্টির সৌজন্যে আবহাওয়াও রয়েছে মনোরম। মঙ্গলবার সকালে কলকাতার সর্বনিম্ন তাপমাত্রা ছিল ২৫.৩ ডিগ্রি সেলসিয়াস, যা স্বাভাবিকের থেকে ১.৪ ডিগ্রি কম। ঘূর্ণাবর্ত, মৌসুমী অক্ষরেখা— এই জোড়া ফলায় রাজ্যে দুর্যোগ বৃদ্ধির সম্ভাবনা রয়েছে। বুধবার পর্যন্ত দক্ষিণবঙ্গের সব জেলায় বৃষ্টির জন্য সতর্কতা জারি করা হয়েছে।
উত্তরবঙ্গেও রয়েছে বৃষ্টি-দুর্যোগের পূর্বাভাস। উত্তরবঙ্গে আগামী রবিবার পর্যন্ত চলবে বৃষ্টি-দুর্যোগ। আগামী ২৪ ঘণ্টায় দার্জিলিং, জলপাইগুড়ি, উত্তর ও দক্ষিণ দিনাজপুর, মালদায় ঝড়বৃষ্টির জন্য হলুদ সতর্কতা জারি করা হয়েছে। বাকি জেলাতেও চলবে ঝড়বৃষ্টি। তবে সতর্কতা জারি করার মতো পরিস্থিতি তৈরি হয়নি। মঙ্গলবার সকাল থেকেই শহর ও শহরতলির আকাশ মেঘাচ্ছন্ন, মাঝেমধ্যেই বিক্ষিপ্তভাবে বৃষ্টিও হয়েছে।
—————
হিন্দুস্থান সমাচার / রাকেশ
