কলকাতা, ২১ নভেম্বর (হি.স.): বৃদ্ধ দম্পতির রহস্যজনক মৃত্যু হল কলকাতায়। আনন্দপুর এলাকার একটি আবাসন থেকে উদ্ধার করা হয়েছে দম্পতির দেহ। পুলিশের অনুমান, স্ত্রীকে খুনের পর ওই বৃদ্ধ আবাসনের চার তলা থেকে ঝাঁপ দিয়ে আত্মঘাতী হয়েছেন। এই ঘটনার তদন্ত শুরু করেছে আনন্দপুর থানার পুলিশ। মৃতদের নাম-অমূল্য সমাদ্দার ও গীতা সমাদ্দার।
পুলিশ সূত্রে খবর, সোমবার রাতে আবাসনের চার তলা থেকে ঝাঁপ দেন ৭৫ বছর বয়সী বৃদ্ধ অমূল্য সমাদ্দার। আওয়াজ শুনে সঙ্গে সঙ্গে ছুটে যান স্থানীয়েরা। পরে বৃদ্ধের ফ্ল্যাটে গিয়ে তাঁরা দেখেন, স্ত্রী গীতা সমাদ্দারের দেহ পড়ে রয়েছে। এর পরই পুলিশে খবর দেন তাঁরা। খবর পেয়ে ঘটনাস্থলে যায় পুলিশের একটি দল। উদ্ধার করা হয় দেহ। শুরু হয়েছে তদন্ত।
হিন্দুস্থান সমাচার। রাকেশ।
