কলকাতা, ২৯ নভেম্বর (হি. স.) : এ রাজ্যের বর্তমান ভোটার তালিকায় ৩৫ লাখেরও বেশি ভোটারদের নাম বাদ যাওয়ার ইঙ্গিত মিলেছে। ওই তথ্য শনিবার নির্বাচন কমিশনের তরফেও পাওয়া গিয়েছে। উল্লেখ্য, চলতি মাসের ৪ নভেম্বর থেকে শুরু হয়েছে ভোটার তালিকায় বিশেষ নিবিড় সংশোধনীর কাজ। জোরকদমেই কাজ চলছে এবং তা একরকম শেষ পর্যায়ে রয়েছে। শনিবার জাতীয় নির্বাচন কমিশনের তরফেও প্রাপ্ত তথ্য মিলিয়ে দেখা হয়েছে কলকাতায়। রাজ্য জুড়েই ২৩ টি জেলায় একযোগে চলছে গুরুত্বপূর্ণ ওই কাজ। সূত্রের খবর অনুযায়ী, এসআইআরের খসড়া ভোটার তালিকায় ৩৫ লক্ষ ২৩ হাজার ৮০০ জনের নাম বাদ পড়ার আশঙ্কার কথা জানানো হয়েছে। শনিবার সন্ধ্যায় রাজ্য মুখ্য নির্বাচন আধিকারিকের দফতরের এক পদস্থ আধিকারিকের ওই পর্যবেক্ষণ। নাম প্রকাশে অনিচ্ছুক এক পদস্থ আধিকারিকের বক্তব্য হল – মোট ৪ ভাগে তথ্য জমা পড়ে রয়েছে। এই ৩৫ লক্ষের তালিকায়:
প্রথমতঃ মৃত ভোটার ১৮ লক্ষ ৭০ হাজার। দ্বিতীয়তঃ ৩ লক্ষ ৮০ হাজার অনুপস্থিত। তৃতীয়তঃ ১১ লক্ষ ৮২ হাজার ভোটার এক জায়গায় থেকে অন্যত্র সরেছে।
চতুর্থতঃ ৭৭ হাজার ৫৬৫ জন এর (ডুপ্লিকেট) ও নথি অনুযায়ী একের অধিক তথা দু জায়গায় নাম রয়েছে ভোটার তালিকায়।
হিন্দুস্থান সমাচার / শুভদ্যুতি দত্ত
