কলকাতা, ২৬ সেপ্টেম্বর (হি.স.): “আমি প্যান্ডেলে কিছুক্ষণ আগেই মায়ের পূজা করে এসেছি। আমি মায়ের কাছে প্রার্থনা করেছি, নির্বাচনের পর এই বাংলায় এমন একটি সরকার আসুক যেটি সোনার বাংলার নির্মাণ করতে পারে।” শুক্রবার এক্স হ্যান্ডলে এই বার্তা দিলেন কেন্দ্রীয় স্বরাষ্ট্রমন্ত্রী অমিত শাহ।
তিনি লিখেছেন, “আমাদের বাংলা পুনরায় সুরক্ষিত, সমৃদ্ধ, শান্ত, সুজলা সুফলা হোক। এখানে কবিগুরুর কল্পনার বাংলার নির্মাণ যাতে আমরা করতে পারি।”
পুজো উদ্বোধনে এসেও বাংলায় বিজেপি সরকার গঠনের ডাক দিলেন স্বরাষ্ট্রমন্ত্রী। মহালয়ার আগে থেকেই উৎসবের সূচনা হয়ে গিয়েছে বাংলায়। কার্যত বৃষ্টি মাথায় নিয়েই প্যান্ডেল হপিংয়ে বাঙালি। শুক্রবার সন্তোষ মিত্র স্কোয়ারের পুজোর উদ্বোধন করেন অমিত শাহ। ঘুরে দেখেন পুজো মণ্ডপ। পরে মঞ্চ থেকে তিনি বলেন, ”মায়ের কাছে প্রার্থনা করেছি, এবার বিধানসভা নির্বাচনের পর বাংলায় এমন সরকার গঠন হোক যাতে সোনার বাংলা নির্মাণ সম্ভব হয়।”
—————
হিন্দুস্থান সমাচার / অশোক সেনগুপ্ত
