রাঁচি, ১ জানুয়ারি (হি.স.) : ঝাড়খণ্ডের মুখ্যমন্ত্রী হেমন্ত সোরেন ইংরেজি নববর্ষ উপলক্ষে রাজ্যবাসীকে আন্তরিক শুভেচ্ছা ও অভিনন্দন জানিয়েছেন। তিনি কামনা করেন, নববর্ষ ২০২৬ সকলের জীবনে সুখ, শান্তি, সুস্বাস্থ্য ও সমৃদ্ধি বয়ে আনুক।
বৃহস্পতিবার সামাজিক মাধ্যম ‘এক্স’-এ এক বার্তায় মুখ্যমন্ত্রী বলেন, নববর্ষের সূচনা কেবল নতুন বছরের শুরু নয়, বরং আমাদের বীর পূর্বপুরুষদের স্বপ্নের ‘সোনার ঝাড়খণ্ড’ গঠনের পথে এক গুরুত্বপূর্ণ অগ্রযাত্রা। তিনি জানান, ২০২৫ সালে ঝাড়খণ্ড আন্দোলনের দিশারী গুরুজি শিবু সোরেন ও মহান আন্দোলনকারী রামদাস সোরেন প্রয়াত হলেও তাঁদের আশীর্বাদ আজও রাজ্যবাসীর সঙ্গে রয়েছে।
মুখ্যমন্ত্রী বলেন, বিগত বছরগুলিতে ঝাড়খণ্ড সংগ্রাম, সংকল্প ও সম্ভাবনার দীর্ঘ পথ অতিক্রম করেছে। এই যাত্রায় আদিবাসী, কৃষক, শ্রমিক, মহিলা ও যুব সমাজের ভূমিকা অত্যন্ত গুরুত্বপূর্ণ। সামাজিক ন্যায়, জনকল্যাণ ও অন্তর্ভুক্তিমূলক উন্নয়নের ক্ষেত্রে রাজ্য একাধিক উল্লেখযোগ্য পদক্ষেপ গ্রহণ করেছে।
তিনি আরও জানান, আমাদের সরকার শিক্ষা, স্বাস্থ্য, কর্মসংস্থান ও স্বনিযুক্তি, সামাজিক সুরক্ষা, প্রাকৃতিক সম্পদ সংরক্ষণ এবং স্থানীয় মানুষের অধিকার ও মর্যাদাকে কেন্দ্র করে নীতি ও কর্মসূচি বাস্তবায়নে অগ্রাধিকার দেবে। উন্নয়নের সুফল সমাজের প্রান্তিক মানুষ পর্যন্ত পৌঁছনোই সরকারের মূল লক্ষ্য।
মুখ্যমন্ত্রী আশা প্রকাশ করেন, আগামী ২৫ বছরে এক যৌথ দৃষ্টিভঙ্গি নিয়ে এগিয়ে এসে ২০৫০ সালের মধ্যে ঝাড়খণ্ডকে দেশের অগ্রণী রাজ্যগুলির মধ্যে প্রতিষ্ঠিত করা সম্ভব হবে।
—————
হিন্দুস্থান সমাচার / সৌমি বৈদ্য
