আসানসোল, ৩০ আগস্ট (হি.স.) : শুক্রবার আসানসোলের দামরা এলাকা থেকে এক কিশোরীর মৃতদেহ উদ্ধারের ঘটনায় চাঞ্চল্য ছড়িয়ে পড়ে। এই ঘটনায় পুলিশ রাকেশ পাসওয়ান নামে এক যুবককে গ্রেফতার করেছে। প্রাথমিক তদন্তে জানা গেছে, রাকেশের ডাকেই মেয়েটি বাড়ি থেকে বেরিয়ে গিয়েছিল। বর্তমানে দুজনের মধ্যে সম্পর্কের বিষয়টি তদন্ত করা হচ্ছে।
পুলিশ নিহতের পরিচয় শনাক্ত করেছে। সে দুর্গাপুরের গোপালমঠ এলাকায় বসবাস করতো। বাড়ি থেকে বের হওয়ার পর তার আর কোনও খোঁজ পাওয়া যায়নি। শুক্রবার সকালে আসানসোল দক্ষিণ থানা এলাকার ৩৮ নম্বর ওয়ার্ডের খোলানমুখ খনির কাছে পলাশবন এলাকায় তার মৃতদেহ উদ্ধার করা হয়। মৃতদেহটি উদ্ধারের পর স্থানীয়রা পুলিশকে খবর দেয়।
গ্রামবাসীদের সন্দেহ, মেয়েটিকে ধর্ষণ করে খুন করা হয়েছে এবং তারপর দেহটি পুড়িয়ে ফেলার চেষ্টা করা হয়েছে। প্রত্যক্ষদর্শীরা জানিয়েছ, মৃতদেহটি বিকৃত অবস্থায় ছিল এবং তাকে অত্যন্ত নৃশংসভাবে হত্যা করা হয়েছে। স্থানীরা বলছেন, এলাকায় অবৈধ কয়লা ও পাথর খনির কারণে অপরাধীদের সংখ্যা বাড়ছে ।
তবে পুলিশ মৃত্যুর সঠিক কারণ সম্পর্কে স্পষ্টভাবে কিছু বলেনি। অভিযুক্তকে পুলিশ রিমান্ডে জিজ্ঞাসাবাদ করা হচ্ছে। আধিকারিকরা বলছেন, শনিবার ময়নাতদন্তের প্রাথমিক রিপোর্ট আসার পরেই মৃত্যুর আসল কারণ স্পষ্ট হবে।
হিন্দুস্থান সমাচার / সোনালি
