মালদা, ১৮ নভেম্বর (হি.স.): মালদার মোথাবাড়ির নিখোঁজ শিশুর দেহ উদ্ধার করল পুলিশ। মঙ্গলবার দুপুরে লীলারামটোলা গ্রামের এক জলাশয় থেকে নিখোঁজ শিশু ঋষিকা মণ্ডলের দেহ উদ্ধার হয়। পুলিশ দেহটি উদ্ধার করে ময়না তদন্তের জন্য পাঠিয়েছে মালদা মেডিক্যাল কলেজে। শিশুটি পাঁচ দিন ধরে নিখোঁজ ছিল। পরে বাড়ি লাগোয়া জলাশয় থেকে শিশুটির দেহ উদ্ধার হয়। শিশুটিকে কেউ বা কারা খুন করে থাকতে পারে বলে দাবি স্থানীয়দের। ঘটনায় ভেঙে পড়েছে পরিবার। তদন্ত করছে পুলিশ।
উল্লেখ্য, পাঁচদিন ধরে নিখোঁজ থাকা এই শিশুর খোঁজে মঙ্গলবার সকালে কুকুর দিয়ে তল্লাশি শুরু করে পুলিশ। স্থানীয়দের দাবি, গ্রামের বাসিন্দা পেশায় কৃষক মনোজ মণ্ডলের তিন বছরের মেয়ে পাঁচ দিন আগে গ্রাম থেকেই নিখোঁজ হয়। পুলিশে অভিযোগ জানানোর পরেও তার কোনও হদিশ মেলেনি। সকালে মুর্শিদাবাদ থেকে ডগ স্কোয়াড নিয়ে এসে গ্রামের পুকুর, জমি, বাগানে তল্লাশি চালায় পুলিশ। তারপরেই গ্রামের এক জলাশয় থেকে নিখোঁজ ওই শিশুর দেহ উদ্ধার হয়।
—————
হিন্দুস্থান সমাচার / সৌম্যজিৎ
