কলকাতা, ৬ আগস্ট (হি.স.): কসবায় আইন কলেজে আইনের ছাত্রীকে গণধর্ষণের মূল অভিযুক্ত মনোজিৎ মিশ্র, তার দুই সঙ্গী আইনের ছাত্র জায়েব আহমেদ ও প্রমিত মুখোপাধ্যায় এবং নিরাপত্তারক্ষী পিনাকী বন্দ্যোপাধ্যায়কে মঙ্গলবার রাতে লালবাজারে নিয়ে গিয়ে শুরু হয় জেরা।
এর আগে, মঙ্গলবার মনোজিৎ মিশ্রর আইনজীবী রাজু গঙ্গোপাধ্যায় ও পিনাকীর আইনজীবী দিব্যেন্দু ভট্টাচার্য তাদের জামিনের আবেদন জানান। জায়েব ও প্রমিতের আইনজীবীরা জামিনের আবেদন জানাননি। কিন্তু প্রথমবারের জন্য মনোজিতের জামিনের আবেদন জানান তার আইনজীবী। এর বিরোধিতা করে পুলিশের আবেদন, বৈদ্যুতিন নথি, ডিজিটাল নথির ফরেনসিক রিপোর্ট, সিসিটিভি–র ফুটেজ, কেন্দ্রীয় ফরেনসিক রিপোর্ট লালবাজারের গোয়েন্দাদের হাতে এসেছে। তারা আগে যা বয়ান দিয়েছিল, তার সঙ্গে রিপোর্টের কিছু অসঙ্গতি রয়েছে। সেগুলি মেলানো ও যাচাই করার জন্য চার অভিযুক্তকেই জেরার প্রয়োজন। মনোজিৎ ও তার সঙ্গীরা প্রভাবশালী। তারা জামিন পেলে সাক্ষীদের প্রভাবিত করতে পারে বলে অভিযোগ পুলিশের। শেষ পর্যন্ত মনোজিৎ মিশ্র ও তার তিন সঙ্গীকে ফের পুলিশ হেফাজতে নেয় পুলিশ। ৮ আগস্ট পর্যন্ত তাদের ফের পুলিশ হেফাজতে রাখার নির্দেশ দেয় আদালত।
—————
হিন্দুস্থান সমাচার / মৌসুমী সেনগুপ্ত
