নগাঁও (অসম), ১২ জানুয়ারি (হি.স.) : অসমের নগাঁওয়ে পুলিশ ফায়ারিং রেঞ্জে সংঘটিত এক বিস্ফোরণে চার নাবালক আহত হয়েছে। ঘটনাটি নগাঁও শহর সংলগ্ন কন্দালি এলাকায় সংঘটিত হয়েছে। আহত নাবালকদের দ্রুত নগাঁও মেডিক্যাল কলেজ ও হাসপাতালে নিয়ে ভরতি করা হয়েছে।
প্ৰাপ্ত খবরে প্ৰকাশ, আহত চার নাবালকের নাম মঙ্গলেশ্বর সাঁওতাল, রঞ্জু মোদী, বিকাশ সাঁওতাল এবং নিতুমণি গগৈ। আহত চারজনকেই চিকিৎসার জন্য নগাঁও মেডিক্যাল কলেজ ও হাসপাতালে নিযে ভর্তি করা হয়েছে।
ঘটনার সত্যতা স্বীকার করে নগাঁও পুলিশের সুপারিনটেনডেন্ট (এসপি) নবনীত মহন্ত বলেছেন, প্রাথমিক তদন্তে জানা গেছে, এটি কোনও বোমা বিস্ফোরণ নয়। ফায়ারিং রেঞ্জের মাঠে পড়ে ছিল একটি স্মোক শেল ছিল। কতিপয় নাবালক খেলতে গিয়ে এই স্মোক শেলকে তুলে ছুঁড়ে ফেলেছিল। তাতে শেলটি বিস্ফোরিত হয়েছে, জানান পুলিশ সুপার।
পুলিশ সুপার নবনীত মহন্ত জানান, আহতদের মধ্যে কয়েকজনের পায়ে সামান্য আঘাত লেগেছে। একজনের আঘাত লেগেছে হাতে। তবে তেমন গুরুতর কিছু নয়। চারটি শিশুকে হাসপাতালে চিকিৎসা দেওয়ার পর ছেড়ে দেওয়া হয়েছে, জানান তিনি।
হিন্দুস্থান সমাচার / স্নিগ্ধা / সমীপ
