শিলিগুড়ি, ২৫ জুলাই (হি. স.) : একাধিক অভিযোগের পরিপ্রেক্ষিতে শুক্রবার শিলিগুড়ির একটি মলে অভিযান চালালেন খাদ্য সুরক্ষা দফতরের আধিকারিকরা। তাদের সঙ্গে ছিলেন শিলিগুড়ি পুরনিগম, স্বাস্থ্য দফতর ও দমকল বিভাগের প্রতিনিধিরাও।
এদিন অভিযান চলাকালীন মলে থাকা বেশ কয়েকটি খাবারের দোকানে একাধিক অনিয়ম নজরে আসে। কোথাও প্যাকেটজাত খাবারে ম্যানুফ্যাকচারিং ডেট উল্লেখ নেই, তো কোথাও অর্ধেক সেদ্ধ ডিম দীর্ঘ সময় ধরে ফ্রিজে সংরক্ষণ করে রাখা রয়েছে। এছাড়াও একাধিক খাবারে ফাঙ্গাস দেখা যায় বলে অভিযোগ। এইসব দোকানগুলিকে নোটিশ ধরিয়েছে খাদ্য সুরক্ষা দফতর। নির্ধারিত সময়ের মধ্যে তাদের উপযুক্ত কারণ জানাতে বলা হয়েছে। ভবিষ্যতে এমন ঘটনার পুনরাবৃত্তি হলে আরও কঠোর পদক্ষেপ করা হবে বলেও জানানো হয়। খাদ্য সুরক্ষা দফতরের তরফে জানানো হয়েছে, শহরের অন্যান্য অংশেও এই অভিযান আগামীতে জারি থাকবে।
হিন্দুস্থান সমাচার / সোনালি
