একযোগে অভিযান অসমের যোরহাট এবং ত্রিপুরার আগরতলায়
গুয়হাটি, ১৫ জুলাই (হি.স.) : সরঞ্জাম ক্রয় দুর্নীতি মামলায় অভিযুক্ত নাগাল্যান্ড বিশ্ববিদ্যালয়ের সিনিয়র প্রফেসার এবং ডিন ড. চিত্তরঞ্জন দেবকে গ্রেফতার করেছেন কেন্দ্রীয় তদন্ত সংস্থা (সিবিআই)-র আধিকারিকরা।
বিশ্ববিদ্যালয়ের উদ্ভিদবিদ্যা বিভাগ অ্যাকাডেমিক প্রোগ্রামের জন্য প্রয়োজনীয় পরীক্ষাগার সরঞ্জাম এবং উল্লেখযোগ্য গবেষণা উপকরণ ক্রয় করতে অসমের যোরহাট-ভিত্তিক জনৈক সাপ্লায়ারের কাছ থেকে প্রায় দুই লক্ষ টাকা ঘুষ নিয়েছেন ড. চিত্তরঞ্জন দেব। মোটা অঙ্কের ঘুষ-দুর্নীতির অভিযোগে গত ১২ জুলাই (২০২৫) গুয়াহাটিতে এসিবি থানায় জ্যেষ্ঠ অধ্যাপক ড. চিত্তরঞ্জন দেবের বিরুদ্ধে এক মামলা দায়ের করে সিবিআই। দায়েরকৃত মামলার ভিত্তিতে সিবিআই গ্রেফতার করেছে প্ৰফেসর ড. দেবকে।
প্রফেসার তথা ডিন ড. চিত্তরঞ্জন দেব ‘ইন্টারন্যাল কুয়ালাটি অ্যাসুরেন্স সেল’ (আইকিউএসি)-এর অধিকৰ্তা এবং নাগাল্যান্ড বিশ্ববিদ্যালয়ের লুমানি ক্যাম্পাসের স্কুল অব সায়েন্সেসের ডিন হিসেবে কর্মরত।
তদন্তকারীদের অভিযোগ, সিনিয়র প্ৰফেসর ড. চিত্তরঞ্জন দেব বৈজ্ঞানিক সরঞ্জাম এবং বিভিন্ন সামগ্রী ক্রয়ে দরপত্র প্রক্রিয়ায় ঘুষের বিনিময়ে নির্দিষ্ট দরদাতাকে সুযোগ করে দিয়েছেন।
জানা গেছে, বিশ্ববিদ্যালয়ে বিপুল আৰ্থিক দুৰ্নীতির তদন্তে নেমে উত্তরপূর্বীয় তিন রাজ্য যথাক্রমে অসমের যোরহাট, নাগাল্যান্ডের লুমানি এবং ত্রিপুরার আগরতলায় একযোগে তালাশি অভিযান চালায় সিবিআই। পরিচালিত অভিযানে সিবিআই অভিযুক্তের অফিস এবং সংশ্লিষ্ট কোম্পানির কাছ থেকে ঘুষ লেনদেনের রেকর্ড ও টেন্ডার-সম্পর্কিত নথি সহ বহু প্রমাণিক তথ্য পেয়েছে।
সিবিআই আধিকারিকরা জানান, দায়েরকৃত মামলার ভিত্তিতে তদন্ত চলছে। বিশ্ববিদ্যালয়ে বিভিন্ন সরঞ্জাম সরবরাহকারীদের আর্থিক রেকর্ড এবং যোগাযোগ পরীক্ষা করা চলেছে। তাঁরা জানান, সংগঠিত দুর্নীতি-নেটওয়ার্কের পরিধি চিহ্নিত করার চেষ্টা চলছে। এই মামলায় আরও গ্রেফতারের সম্ভাবনা উড়িয়ে দিচ্ছেন না সিবিআই আধিকারিকরা।
হিন্দুস্থান সমাচার / সমীপ কুমার দাস
