পুরী, ১ অক্টোবর (হি.স.): বিগত ১০০ বছর ধরে রাষ্ট্রনির্মাণে নিবেদিত রাষ্ট্রীয় স্বয়ংসেবক সঙ্ঘ (আরএসএস)। প্রতিষ্ঠা দিবস উপলক্ষ্যে আগামীকাল নাগপুরে সঙ্ঘের বিজয়া দশমী উৎসব। বক্তব্য রাখবেন সরসঙ্ঘচালক মোহন ভাগবত। তার আগে পুরীর সমুদ্র সৈকতে সঙ্ঘের শতবর্ষকে স্বাগত জানিয়ে বালু-ভাস্কর্য গড়লেন বালুশিল্পী সুদর্শন পট্টনায়েক।
বুধবার সমুদ্র সৈকতে তিনি এক সুন্দর বালু-ভাস্কর্য গড়েছেন। সেখানে সঙ্ঘের শতবর্ষে শুভেচ্ছা জানিয়েছেন বালু-শিল্পকলার মাধ্যমে। বালির ওপর শিল্পী লিখেছেন, রাষ্ট্রীয় স্বয়ংসেবক সঙ্ঘের বিজয়া দশমী উৎসব। রাষ্ট্রসেবায় ১০০ বছর। রাষ্ট্রীয় স্বয়ংসেবক সঙ্ঘের প্রতিষ্ঠাতা ডঃ কেশব বলিরাম হেডগেওয়ার ছবিও বালু শিল্পের মাধ্যমে ফুটিয়ে তুলেছেন সুদর্শন।
এর আগে বুধবারই প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদী দিল্লিতে রাষ্ট্রীয় স্বয়ংসেবক সংঘের (আরএসএস) শতবর্ষ উদযাপন অনুষ্ঠানে যোগ দেন। এই উপলক্ষ্যে প্রধানমন্ত্রী দেশের প্রতি আরএসএস-এর অবদান তুলে ধরে একটি বিশেষভাবে ডিজাইন করা স্মারক ডাকটিকিট এবং মুদ্রা প্রকাশ করেন। দিল্লির ডঃ আম্বেদকর আন্তর্জাতিক কেন্দ্রে আয়োজিত এই অনুষ্ঠানে প্রধান অতিথি হিসেবে যোগ দেন প্রধানমন্ত্রী। তিনি বলেন, দেশই সঙ্ঘের কাছে অন্যতম অগ্রাধিকার।
—————
হিন্দুস্থান সমাচার / মৌমিতা
