নয়াদিল্লি, ২২ জুলাই (হি.স.): দিনের মতো মুলতুবি হয়ে গেল লোকসভা ও রাজ্যসভার অধিবেশন। ফের সংসদের উভয়কক্ষের অধিবেশন শুরু হবে বুধবার বেলা এগারোটা নাগাদ। বিরোধীদের সমালোচনা করে মঙ্গলবার লোকসভায় সংসদ বিষয়ক মন্ত্রী কিরেন রিজিজু বলেছেন, তাঁরা (বিরোধী দল) আলোচনার দাবি জানাচ্ছে এবং আমরা আলোচনার জন্য প্রস্তুত। তাহলে কেন তারা সংসদকে কাজ করতে দিচ্ছে না? এই দ্বিমুখী নীতি ভুল। যদি আপনি আলোচনা চান, তাহলে হট্টগোল করবেন না। সরকার বলেছে, আমরা আলোচনার জন্য প্রস্তুত। আপনারা জনসাধারণের অর্থ অপচয় করছেন।
সোমবারের পর মঙ্গলবারও একাধিক ইস্যুতে উত্তাল হয় সংসদ। বাদল অধিবেশনের দ্বিতীয় দিনেও তুমুল হট্টগোল হল গণতন্ত্রের পীঠস্থানে। বিরোধীদের বিক্ষোভে লোকসভার অধিবেশন প্রথমে দুপুর ১২টা পর্যন্ত মুলতুবি করে দেওয়া হয়। রাজ্যসভাতেও অধিবেশন মুলতুবি করা হয় দুপুর ১২টা পর্যন্ত। পরে অধিবেশন শুরু হলেও, শান্তি ফেরেনি। তাই দিনের মতো মুলতুবি করে দেওয়া হয় লোকসভা ও রাজ্যসভার অধিবেশন।
—————
হিন্দুস্থান সমাচার / রাকেশ
