মুম্বই, ২০ সেপ্টেম্বর (হি.স.): পরিকাঠামোর সার্বিক উন্নয়নের জন্য শনিবার থেকে মুম্বইয়ে বন্ধ হচ্ছে মনোরেল পরিষেবা। সিগন্যালিং ব্যবস্থা, পুরনো রেকের সংস্কার, নতুন রেক আনার মতো নানা ধরনের সংস্কারের কাজ হবে। মনোরেল পরিষেবা আরও উন্নত করার জন্যই এই সিদ্ধান্ত বলে জানানো হয়েছে রেলের তরফে। অন্তত দু’মাস মনোরেল পরিষেবা বন্ধ রেখে পরিকাঠামো সংস্কারের কাজ চলবে বলে জানানো হয়েছে।
প্রসঙ্গত, চলতি সপ্তাহের সোমবার সকালে মুম্বইয়ের ওয়াডালার কাছে আচমকা থেমে যায় মনোরেল। আতঙ্কিত হয়ে পড়েন যাত্রীরা। দমকল এসে সকলকে ট্রেন থেকে উদ্ধার করে। বৈদ্যুতিক ও যান্ত্রিক ত্রুটির জেরে এই ঘটনা বলে জানিয়েছিল রেল কর্তৃপক্ষ।
উল্লেখ্য, এর আগে গত ১৯ অগস্ট একইভাবে মাঝপথে বিকল হয়ে পড়েছিল মনোরেল। ওই ট্রেনে প্রায় ৫৮২ জন যাত্রী ছিলেন। তাঁদের মধ্যে অসুস্থ হয়ে পড়েন ২৩ জন। দু’জনকে হাসপাতালে পর্যন্ত নিয়ে যেতে হয়। বার বার একই ঘটনার পুনরাবৃত্তিতে মনোরেল নিয়ে খানিকটা আতঙ্ক তৈরি হয়েছে যাত্রীদের মধ্যে।
—————
হিন্দুস্থান সমাচার / সৌম্যজিৎ
