নয়াদিল্লি, ২১ ডিসেম্বর (হি.স.): দিল্লির বাতাসের গুণগত মান নিয়ে উদ্বেগ অব্যাহত। যত শীত পড়ছে ততই খারাপ হচ্ছে রাজধানীর বাতাসের মান। দিল্লির বায়ুর মান যেন উন্নত হচ্ছেই না। রবিবারও ঘন ধোঁয়াশার চাদরে ঢাকল দিল্লি। ‘খুব খারাপ’ পর্যায়ে রইল বাতাসের মান। এদিন সকালের তথ্য অনুযায়ী, দিল্লির বাতাসের গড় গুণগত মান বা এয়ার কোয়ালিটি ইন্ডেক্স (একিউআই) ছিল ৩৯০, বেশ কিছু অঞ্চলে একিউআই চারশো ছাড়িয়েছে। কেন্দ্রীয় দূষণ নিয়ন্ত্রণ বোর্ডের তথ্য অনুযায়ী, অক্ষরধাম, আনন্দ বিহারের মতো এলাকাগুলির বায়ুর মান ‘গুরুতর’ পর্যায়ে পৌঁছেছে। তলানিতে ঠেকেছে দৃশ্যমানতা। এ দিন সকালেও ধোঁয়াশায় আড়ালে উধাও হয়েছিল তাজ মহল।
এদিন রাজঘাট অঞ্চলে বায়ুর গুণগত মান ছিল ৩৭৬, কাশ্মীরি গেট অঞ্চলে বাতাসের গুণগত মান ছিল ৪৪৮, ইন্ডিয়া গেট অঞ্চলে একিউআই এর মাত্রা ছিল ৩৮১, আইটিও সংলগ্ন এলাকায়, অক্ষরধাম মন্দির এলাকায়ও ঘন কুয়াশার চাদরে ঢেকে ছিল রবিবারের সকাল।
উল্লেখ্য, বাতাসের গুণগত মান বা এয়ার কোয়ালিটি ইন্ডেক্স (একিউআই) এর সূচক ০-৫০ এর মধ্যে থাকলে ‘ভালো’, ৫১-১০০ একিউআই-কে ‘সন্তোষজনক’ হিসেবে গণ্য করা হয়, ১০১-২০০ একিউআই-কে ‘মাঝারি’ গুণমান হিসেবে ধার্য করা হয়, ২০১-৩০০ একিউআই-কে ‘খারাপ’ বলা হয়ে থাকে, ৩০১-৪০০ একিউআই-কে ‘খুব খারাপ’ পর্যায়ভুক্ত হিসেবে চিহ্নিত করা হয় এবং ৪০১-৫০০ কে ‘গুরুতর’ বলে বিবেচনা করা হয়।
হিন্দুস্থান সমাচার / সৌম্যজিৎ
