ভোপাল, ১ জানুয়ারি (হি.স.) : মধ্যপ্রদেশে দুটি জেলায় ২টি সড়ক দুর্ঘটনায় ৪ জনের মৃত্যু হয়েছে। আহত হয়েছেন মোট ৬ জন ব্যক্তি। সোমবার মধ্যপ্রদেশের মন্দসৌর এবং সেহোর জেলায় দুটি সড়ক দুর্ঘটনায় চারজনের মৃত্যুর খবর পাওয়া গিয়েছে এবং ৬ জন আহত হয়েছে। পুলিশ সোমবার এই তথ্য জানিয়েছে।
সাব-ইন্সপেক্টর দেবেন্দ্র সিং পানওয়ার জানিয়েছেন, সোমবার সকাল ৬ টার দিকে স্পোর্টস ইউটিলিটি ভেহিকেল(এসইউভি) করে একটি পরিবার যাত্রা শুরু করেছিল। তাঁদের গাড়ি জেলা সদর থেকে প্রায় ৫০ কিলোমিটার দূরে মন্দসৌরের সীতামাউ থানার সীমানার অন্তর্গত দিল্লি-মুম্বই মহাসড়কে একটি ট্রাকে ধাক্কা দিলে দুর্ঘোটনাটি ঘটে। পানওয়ার বলেন, এসইউভির দুই মহিলা আরোহীর মৃত্যু হয়েছে এবং পরিবারের আরও চার সদস্য আহত হয়েছেন। আহত ব্যক্তিদের মান্দসৌরের জেলা হাসপাতালে চিকিৎসা চলছে।
অন্য দুর্ঘটনাটি ঘটেছে, মধ্যপ্রদেশের সেহোর জেলায়। সেখানকার ভেরুন্ডা থানার ইনচার্জ গিরিশ দুবে জানান, ভেরুন্ডা-গোপালপুর রোডে সকালে একটি এসইউভি উল্টে যায়। তারফলে দুজনের মৃত্যু হয়। দুজন আহত হয়। সেহোর জেলায় দুর্ঘটনায় মৃতদের নাম অভিষেক গুর্জার(২৪) এবং রাজেন্দ্র পাওয়ার (২৫)৷ আহতদের হাসপাতালে ভর্তি করা হয়েছে বলে জানান গিরিশ দুবে।
হিন্দুস্থান সমাচার / অর্পিতা
