নয়াদিল্লি, ২৯ জুলাই (হি.স.): প্রাকৃতিক দুর্যোগ, যেমন ভূমিধস, পূর্বাভাস দেওয়ার জন্য সহায়ক নিসার কৃত্রিম উপগ্রহের উৎক্ষেপণ করা হবে বুধবার। বিশ্বে এখনও পর্যন্ত নির্মিত সবচেয়ে উন্নত ভূ-পর্যবেক্ষণ উপগ্রহ হিসেবে নিসারকে অভিহিত করলেও অত্যুক্তি হবে না। ভারতীয় মহাকাশ গবেষণা সংস্থা ইসরো এবং আমেরিকার নাসার যৌথ উদ্যোগে নির্মিত এই উপগ্রহটি বুধবার উৎক্ষেপণ করা হবে।
এই উপগ্রহ উৎক্ষেপণের সাফল্য কামনায় ভারতীয় মহাকাশ গবেষণা সংস্থার (ইসরো) চেয়ারম্যান ভি. নারায়ণন ভগবান ভেঙ্কটেশ্বর স্বামী মন্দিরে প্রার্থনা এবং তাঁর আশীর্বাদ নিতে যান।
তিনি বলেন, আমরা অত্যন্ত গুরুত্বপূর্ণ নিসার (নাসা-ইসরো সিন্থেটিক অ্যাপারচার রাডার) উপগ্রহ উৎক্ষেপণ করতে যাচ্ছি। এই উপগ্রহ দু’টি গুরুত্বপূর্ণ পেলোড বহন করবে। এটি ইসরো বিজ্ঞানীদের দ্বারা তৈরি করা হয়েছে। আমরা এটিকে জিএসএলভি মার্ক-২ রকেট ব্যবহার করে মহাকাশে উৎক্ষেপণ করা হবে। আগামীকাল সকাল ৫:৪০ মিনিটে উৎক্ষেপণের সময়সূচী নির্ধারণ করা হয়েছে। এই উপগ্রহটি পৃথিবীর পৃষ্ঠ পর্যবেক্ষণ, দুর্যোগ সতর্কতা জারি এবং অন্যান্য অনেক ক্ষেত্রে অত্যন্ত কার্যকর হবে।
—————
হিন্দুস্থান সমাচার / মৌমিতা
