নয়াদিল্লি, ১ ডিসেম্বর (হি.স.): শীতকালীন অধিবেশন শুরুর আগে কংগ্রেস ও অন্য বিরোধী দলগুলোর প্রতি বার্তা দিয়েছেন প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদী। তা নিয়ে মন্তব্য করলেন ওয়েনাডের সাংসদ প্রিয়াঙ্কা গান্ধী বঢরা। সংসদে বিরোধী শিবির বিঘ্ন সৃষ্টি করে বলে প্রধানমন্ত্রী যে অভিযোগ করেছেন, সে বিষয়ে প্রিয়াঙ্কা বলেন, এসআইআর এবং বায়ুদূষণের মতো বিষয়গুলো সাধারণ মানুষের ওপর প্রভাব ফেলে। এ সব নিয়ে আলোচনা হোক। নইলে সংসদ কিসের জন্য? প্রাসঙ্গিক বিষয় নিয়ে কথা বলা এবং প্রশ্ন তোলা তো নাটক নয়। বরং সেগুলো নিয়ে গণতান্ত্রিক আলোচনা হতে না দেওয়াটাই আসলে নাটক।
উল্লেখ্য, বিরোধীদের উদ্দেশ্যে বার্তা দিয়েছিলেন প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদী। তিনি বলেন, দেশ গঠনের জন্য কিছু ইতিবাচক চিন্তাভাবনা থাকা উচিত। রাজনীতিতে নেতিবাচকতা কার্যকর হতে পারে। কিন্তু পরিশেষে, দেশ গঠনের জন্য কিছু ইতিবাচক চিন্তাভাবনা থাকা উচিত। আমি আশা করি, আপনারা নেতিবাচকতাকে সীমার মধ্যে রাখবেন এবং দেশ গঠনের উপর মনোনিবেশ করবেন। প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদী বলেন, যে নাটক করতে চায় সে তা করতে পারে। এখানে নাটক নয়, পরিবেশনা থাকা উচিত। নীতির উপর জোর দেওয়া উচিত, স্লোগান নয়।
—————
হিন্দুস্থান সমাচার / সৌম্যজিৎ
