গুয়াহাটি, ২৭ ডিসেম্বর (হি.স.) : উত্তরপূর্ব সীমান্ত রেলওয়ের কাটিহার ডিভিশনের অন্তর্গত ইন্ডিয়ান কাস্টম ইয়ার্ড (আইসিওয়াই)-নেপাল কাস্টম ইয়ার্ড সেকশনের ইন্ডিয়ান কাস্টম ইয়ার্ড অংশে আজ বুধবার স্পঞ্জ আইরন লোড করা প্রথম এক্সপোর্ট কার্গো কনেটনার ট্রেন নিয়ে আসা হয়েছে।
দক্ষিণ-পূর্ব রেলওয়ের চক্রধরপুর ডিভিশনের অন্তর্গত মুর্গা মহাদেব রোডে অবস্থিত মেসার্স টাটা স্পঞ্জ আইরন লিমিটেডের একটি ব্যক্তিগত সাইডিং থেকে এই কনসাইনেমন্ট লোড করা হয়েছিল। কনটেনার কর্পোরেশন অব ইন্ডিয়া লিমিটেড (কনকর)-এর দ্বারা নেপালের বিরাটনগরে অবস্থিত মেসার্স পশুপতি আয়রন অ্যান্ড স্টিল প্রাইভেট লিমিটেডে এই কনসাইনেমন্ট প্রেরণ করা হবে। যোগবাণীতে কাস্টমের ইন্টিগ্রেটেড চেক পোস্ট থেকে সবুজ সংকেত পাওয়ার পর এটি ইন্ডিয়ান কাস্টম ইয়ার্ড রেলওয়ে স্টেশন থেকে ট্রাকের মাধ্যমে নেপাল নিয়ে যাওয়া হবে।
এখানে উল্লেখ করা যেতে পারে, এর আগে ১ জুন (২০২৩) ভারত এবং নেপালের প্রধানমন্ত্রী যথাক্রমে নরেন্দ্র মোদী এবং পুষ্পকমল দাহাল ‘প্রচণ্ড’ এক সাথে বিহারের বাথনাহা থেকে নেপাল কাস্টম ইয়ার্ড পর্যন্ত একটি ভারতীয় রেলওয়ে কার্গো ট্রেনের শুভ সূচনা করেছিলেন। এটি হলো যোগবাণী-বিরাটনগর ইন্টারন্যাশনাল ক্রস-বর্ডার রেল লিংক প্রজেক্টের একটি অংশ, যা স্থলবেষ্টিত দেশ নেপাল পর্যন্ত রেল সংযোগ প্রদান করবে।
এই সংযোগের ফলে রেলওয়ের মাধ্যমে ভারতের সামুদ্রিক বন্দরগুলির সাথে প্রত্যক্ষভাবে নেপালের সংযোগ স্থাপন হবে। এর জন্য নেপালের পরিবহণ ব্যয়ও ব্যাপকভাবে হ্রাস পাবে। এর আগে নেপালে উপকরণ নিয়ে যাওয়া হতো মূলত স্থলপথের মাধ্যমে। এই রেলওয়ে সংযোগ ব্যবস্থার ফলে নেপালে বিভিন্ন ধরনের উপকরণ কম খরচে পরিবহণ নিশ্চিত হবে বলে মনে করছেন উত্তরপূর্ব সীমান্ত রেলওয়ে কর্তৃপক্ষ।
হিন্দুস্থান সমাচার / সমীপ / অরবিন্দ
