জামশেদপুর, ১ জানুয়ারি (হি.স.) : ঝাড়খণ্ডের জামশেদপুর শহরে একটি গাড়ির সঙ্গে ডিভাইডারের ধাক্কা লেগে ৬ জনের মৃত্যু হয়েছে। ২ জন আহত হয়েছেন। পুলিশ সূত্রে এই তথ্য জানা গিয়েছে। পুলিশ জানিয়েছে, সোমবার সকালে ঝাড়খণ্ডের জামশেদপুর শহরে একটি ডিভাইডারের সঙ্গে গাড়ির ধাক্কা লেগে ৬ জনের মৃত্যু হয়েছে সেইসঙ্গে ২ জনের আহত হওয়ার খবরও পাওয়া গিয়েছে।
একজন পুলিশ আধিকারিক জানিয়েছেন, সোমবার ভোর ৫টা নাগাদ বিস্তুপুর থানা এলাকার সার্কিট হাউস স্কোয়ারের কাছে দুর্ঘটনাটি ঘটে। জামশেদপুরের সিনিয়র সুপারিনটেনডেন্ট অফ পুলিশ কৌশল কিশোর জানিয়েছেন, আটজন ব্যক্তি একটি পাঁচ সিটের গাড়িতে করে আসছিল। তাদের গাড়িটি প্রথমে একটি রাস্তার ডিভাইডারে এবং তারপরে একটি রাস্তার পাশের খুঁটিতে ধাক্কা দেয়৷ আটজনের মধ্যে পাঁচজনের ঘটনাস্থলেই মৃত্যু হয়। তিনজনকে হাসপাতালে নিয়ে যাওয়া হয়, যেখানে আরও একজনের মৃত্যু হয়। বাকি দুজন বর্তমানে চিকিৎসাধীন রয়েছেন। এসএসপি বলেন, গাড়িটি প্রচণ্ড গতিতে ছিল বলেই দুর্ঘটনাটি ঘটেছে।
দুর্ঘটনার প্রভাব এতটাই বেশি ছিল যে আটজনই গাড়ির ভিতরে আটকে পড়েছিল। গাড়ির ভেতর থেকে তাদের বের করতে গ্যাস কাটার ব্যবহার করা হয়। তিনি আরও জানান, এরা সবাই সরাইকেলা-খারসওয়ান জেলার আরআইটি থানা এলাকার বাসিন্দা। ঝাড়খণ্ডের মুখ্যমন্ত্রী হেমন্ত সোরেন সড়ক দুর্ঘটনায় ছয়জনের মৃত্যুতে শোক প্রকাশ করেছেন।
হিন্দুস্থান সমাচার / অর্পিতা
