নয়াদিল্লি, ২৬ সেপ্টেম্বর (হি.স.): প্রাক্তন প্রধানমন্ত্রী ডঃ মনমোহন সিংকে জন্মজয়ন্তীতে স্মরণ ও শ্রদ্ধা নিবেদন করলেন প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদী। শুক্রবার সকালে এক্স মাধ্যমে প্রধানমন্ত্রী মোদী জানান, প্রাক্তন প্রধানমন্ত্রী ডঃ মনমোহন সিং জি-র জন্মবার্ষিকীতে শ্রদ্ধাঞ্জলি। জনজীবনে তাঁর দীর্ঘ অবদানের কথা আমরা স্মরণ করি।
প্রধানমন্ত্রী না-হলেও মনমোহন সিংয়ের নাম স্বাধীন ভারতের ইতিহাসে অনেকটা জায়গা জুড়ে থেকে যেত। ভারতীয় অর্থনীতির এক বহু আলোচিত, বহু বিতর্কিত মহাসন্ধিক্ষণের জন্ম হয়েছিল তাঁরই হাত ধরে। এ দেশে উদার আর্থিক নীতির জনক বলে তাঁর নাম খোদাই হয়ে গিয়েছিল ১৯৯১ থেকে ১৯৯৬ সালের মধ্যেই, যে পর্বে তিনি ছিলেন নরসিংহ রাও সরকারের অর্থমন্ত্রী।
—————
হিন্দুস্থান সমাচার / মৌমিতা
