
নয়াদিল্লি, ১৭ অক্টোবর (হি.স.): অন্তিম পর্যায়ে পৌঁছচ্ছে মেরি মাটি মেরা দেশ কর্মসূচি। দেশজুড়ে বিভিন্ন পবিত্র স্থান থেকে ইতিমধ্যেই সংগ্রহ হয়েছে ‘পবিত্র মাটি’। কেন্দ্রীয় সংস্কৃতি মন্ত্রক জানিয়েছে, একাধিক মন্ত্রক, রাজ্য সরকার, নেহরু যুব কেন্দ্র সংগঠন এবং কেন্দ্রীয় সশস্ত্র পুলিশ বাহিনী সক্রিয়ভাবে গ্রাম এবং ব্লক স্তরের বিভিন্ন স্থান থেকে পবিত্র মাটি সংগ্রহে নিযুক্ত রয়েছে।
এই অভিযান সম্পর্কে সচেতনতা তৈরি করতে মন্ত্রকের আঞ্চলিক সংস্কৃতি কেন্দ্রগুলি সারা দেশে গ্রামীণ অঞ্চলে সাংস্কৃতিক অনুষ্ঠানের আয়োজন করছে। ৩৮০০টিরও বেশি ব্লক ইতিমধ্যে এটি সংগঠিত করেছে। সংগৃহীত মাটি এই মাসের ৩১ তারিখে দিল্লির কর্তব্য পথের অমৃত বাটিকা এবং অমৃত মহোৎসব স্মৃতিসৌধে স্থাপন করা হবে। এই উদ্যোগটি ‘আজাদি কা অমৃত মহোৎসব’-এর সমাপ্তি হিসেবে চিহ্নিত হবে।
হিন্দুস্থান সমাচার। রাকেশ।
