নয়াদিল্লি, বিশ্রাম নিচ্ছেন না একদিনও, প্রতিদিনই পৌঁছে যাচ্ছেন দেশের কোনও না কোনও রাজ্যে। তুলে দিচ্ছেন বিপুল অর্থের উপহার (উন্নয়নমূলক প্রকল্পের উদ্বোধন ও শিলান্যাস), আগামী ১৩ মার্চ অবধি রোজই ব্যস্ত থাকবেন প্রধানমন্ত্রী মোদী, একগুচ্ছ কর্মসূচি নিয়ে পৌঁছবেন দেশের নানা রাজ্যে। ৯ মার্চ, শনিবার অরুণাচল প্রদেশে যাবেন মোদী। পশ্চিম কামেঙে তিনি সেলা টানেল উদ্বোধন করবেন। তার পর রাজধানী ইটানগরে গিয়ে সরকারি কিছু প্রকল্পের উদ্বোধন করবেন। আবার সেখান থেকে যাবেন অসমে। জোরহাটে লাচিত বোড়ফুকনের মূর্তি উন্মোচন করবেন মোদী। ফিরে আসবেন পশ্চিমবঙ্গে। ওই দিনই শিলিগুড়িতে বেশ কিছু প্রকল্পের উদ্বোধন করার কথা রয়েছে প্রধানমন্ত্রীর।
১০ মার্চ, রবিবার বাংলা থেকে উত্তর প্রদেশে যাবেন প্রধানমন্ত্রী। আজমগড়ে বেশ কিছু প্রকল্পের উদ্বোধন করবেন। মঞ্চে থাকবেন রাজ্যের মুখ্যমন্ত্রী যোগী আদিত্যনাথও। ১১ মার্চ (সোমবার) আবার দিল্লিতে যাবেন প্রধানমন্ত্রী। সেখানে ‘নমো ড্রোন দিদি’, ‘লাখপতি দিদি’-র মতো বেশ কিছু প্রকল্পের উদ্বোধন করবেন তিনি। দ্বারকা এক্সপ্রেসওয়ের হরিয়ানা শাখার উদ্বোধনও হবে তাঁর হাতে। তার পর ডিআরডিও-র একটি অনুষ্ঠানে যোগ দেবেন মোদী। এরপর ১২ মার্চ, নবম দিনে গুজরাটে যাবেন মোদী। সবরমতিতে কর্মসূচি রয়েছে তাঁর। সেখান থেকে যাবেন রাজস্থানে। পোখরান এবং জয়সলমীরে যাওয়ার কথা রয়েছে তাঁর। ১৩ মার্চ, শেষ পর্যায়ে ভিডিয়ো কনফারেন্সিংয়ের মাধ্যমে গুজরাট এবং অসমে মোট তিনটি সেমিকন্ডাক্টর প্রকল্পের ভিত্তিপ্রস্তর স্থাপন করবেন প্রধানমন্ত্রী।
