পাটনা, লোকসভা ভোটে লোক জনশক্তি পার্টি (এলজেপি)-র প্রতিষ্ঠাতা প্রয়াত রামবিলাস পাসোয়ানের পুত্র চিরাগকেই গুরুত্ব দিল বিজেপি। দিল্লিতে বিজেপি সভাপতি জেপি নাড্ডার সঙ্গে বৈঠক হয়েছিল চিরাগের। সেখানেই বিজেপির সঙ্গে আসনরফা চূড়ান্ত হয়েছে বলে সূত্রের খবর। জানা যাচ্ছে, সেক্ষেত্রে এলজেপি-কে ৫টি আসন ছেড়েছে বিজেপি। তাতে রাজি হয়েছেন চিরাগ।
বিভিন্ন সূত্রে জানা গিয়েছে, হাজিপুর আসন থেকে লড়বেন চিরাগ। এই আসনটি ছিল চিরাগের কাকা পশুপতিকুমার পারসের। এদিকে পশুপতি জানিয়েছেন, আমরা বিজেপির কাছে জানিয়েছি যে, আমাদের ৫ জন সাংসদ এর আসনের বিষয়টি গুরুত্ব দিয়ে বিবেচনা করা হোক। তিনি এও জানিয়েছেন যে তিনি হাজিপুর আসন থেকে লড়বেন।
প্রসঙ্গত, ২০২১ সালে মৃত্যু হয় রামবিলাস পাসওয়ানের। এরপর উত্তরাধিকার নিয়ে ঝামেলার জেরে লোক জনশক্তি পার্টি দুটি ভাগে ভাগ হয়ে যায়। রামবিলাসের ভাই পশুপতি পারস এবং রামবিলাসের ছেলে চিরাগ পাসওয়ানের মধ্যে ভাগ হয়ে যায়। তবে দলের ৬ সাংসদের মধ্যে ৫ জনই পশুপতি পারসের সঙ্গে ছিলেন। চিরাগ একা ছিলেন। সেই চিরাগকেই গুরুত্ব দিল বিজেপি।
