নয়াদিল্লি লোকসভা ভোট পর্যন্ত খানিক স্বস্তি কংগ্রেসের। ভোট পর্যন্ত আয়কর বিভাগের ধরানো নোটিশের প্রেক্ষিতে বিপুল অঙ্কের টাকা মেটানোর চিন্তা দূর হল। লোকসভা ভোট পর্যন্ত কংগ্রেসের কাছ থেকে কোনও টাকা আদায় করা হবে না বলে জানালো আয়কর বিভাগ। আয়কর বিভাগের নোটিসের বিরুদ্ধে কংগ্রেসের আবেদনের উপর সোমবার সুপ্রিম কোর্টে শুনানি হয়। শুনানির সময় আয়কর বিভাগ আশ্বস্ত করে যে আপাতত এ বিষয়ে কংগ্রেসের বিরুদ্ধে কোনও ব্যবস্থা নেওয়া হবে না। এরপর সব পক্ষের কথা শুনে সুপ্রিম কোর্ট এই বিষয়ে শুনানি ২৪ জুলাই পর্যন্ত পিছিয়ে দেয়।
আয়কর দফতরের তরফে সলিসিটর জেনারেল তুষার মেহতা সুপ্রিম কোর্টে বলেন, ‘কংগ্রেসের কাছ থেকে টাকা আদায়ে লোকসভার আগে কোনও পদক্ষেপ করবে না আয়কর দফতর। ভোটের আগে যাতে কোনও রাজনৈতিক দলের সমস্যা না হয় সেকথা ভেবেই এই সিদ্ধান্ত।’
কংগ্রেস শনিবারই ঘোষণা করেছে শুক্রবার প্রায় ১৭০০ কোটি টাকার আয়কর নোটিস পেয়েছে। ২০১৪-’১৫ এবং ২০১৬-’১৭ অর্থবর্ষের জন্য ১,৭৪৫ কোটি টাকা জরিমানা দিতে হবে। এর আগে ১৯৯৪-’৯৫, ২০১৭-’১৮ থেকে ২০২০-’২১ অর্থবর্ষের জন্য আয়কর নোটিস পাঠানো হয়েছিল। সেই অঙ্কটা ছিল প্রায় ১৮০০ কোটি। ফলে সব মিলিয়ে মোট ৩,৫৬৭ কোটি টাকা জরিমানা দিতে বলা হয়েছে কংগ্রেসকে।
কংগ্রেসের অভিযোগ, কেন্দ্রীয় সরকার আয়কর বিভাগকে অপব্যবহার করে কংগ্রেসকে আর্থিক ভাবে পঙ্গু করে দেওয়ার চেষ্টা করছে লোকসভা নির্বাচনের আগে। এরপরই আজ আয়কর বিভাগ সুপ্রিম কোর্টে জানিয়েছে, ‘২৪ জুলাই পর্যন্ত আয়কর মামলায় কংগ্রেসের বিরুদ্ধে কোনও ব্যবস্থা নেওয়া হবে না’।
