সাহারানপুর দাদা রাহুলের মতো বিজেপির আসন নিয়ে এবার ভবিষ্যদ্বাণী করলেন কংগ্রেস নেত্রী প্রিয়াঙ্কা গান্ধী। উত্তর প্রদেশের সাহারানপুরে দলীয় কর্মসূচির পর প্রিয়াঙ্কা বলেন, বিজেপি ১৮০টির বেশি আসন কোনও ভাবে পাবে না। একই সঙ্গে এদিন মূল্যবৃদ্ধি, বেকারত্ব ইস্যুতে কেন্দ্রীয় সরকারকে তুলোধনা করেন তিনি।
প্রিয়াঙ্কার কথায়, মুখে যতই ৪০০ পেরিয়ে যাওয়া স্লোগান দিক, ইভিএমে কারচুপি না হলে ওরা ১৮০টির বেশি আসন কোনওভাবে পাবে না। নাম না করে এভাবেই বিজেপির বিরুদ্ধে ইভিএম কারচুপির অভিযোগ করেন প্রিয়াঙ্কা। তাঁর মন্তব্য, ওরা কীসের ভিত্তিতে ৪০০-র বেশি আসন পাওয়ার দাবি করছে আমি জানি না। মনে হচ্ছে ওরা ইতিমধ্যেই কিছু কারচুপি করে রেখেছে, সেই কারণে ৪০০-র বেশি আসন জেতার দাবি করে বেড়াচ্ছে।
