নয়াদিল্লি, লোকসভা ভোটের আগে বেসরকারি সংস্থার কর্মীদের জন্য সুখবর। কর্মচারী রাজ্য বীমা নিগম (ইএসআইসি) কর্তৃপক্ষ কর্ণাটক, উত্তর প্রদেশ, মধ্যপ্রদেশ এবং ওডিশা মিলিয়ে চার রাজ্যে মোট সাতটি নতুন ইএসআই হাসপাতাল নির্মাণের জন্য প্রায় সাড়ে এগারোশো কোটি টাকা অনুমোদন করেছে। তার মধ্যে কর্নাটকে হবে তিনটি, উত্তর প্রদেশে দুটি এবং ওডিশায় একটি হাসপাতাল।
বুধবার এক বিবৃতিতে শ্রম ও কর্মসংস্থান মন্ত্রক জানিয়েছে যে, মঙ্গলবার কেন্দ্রীয় শ্রম সচিব সুমিতা দাওরার সভাপতিত্বে অনুষ্ঠিত হয়েছে ইএসআইসি-র স্থায়ী কমিটির বৈঠক। সেখানেই চারটি রাজ্যে সাতটি ইএসআই হাসপাতাল নির্মাণের সিদ্ধান্ত নেওয়া হয়। এই বৈঠকে রাজস্থানের আলওয়ারে একটি উপ-আঞ্চলিক কার্যালয় স্থাপনের সিদ্ধান্তও নেওয়া হয়।
ইএসআই বীমার অধীনে থাকা শ্রমিক ও তাঁদের পরিবারের সদস্যদের চিকিৎসা এবং অন্যান্য সুবিধা বাড়ানো সম্পর্কিত বেশ কয়েকটি গুরুত্বপূর্ণ সিদ্ধান্তও নেওয়া হয় এই বৈঠকে। শীঘ্রই এইসব হাসপাতাল নির্মাণের কাজ শুরু হবে বলে জানা গেছে।
