ইমফল, ১০ জানুয়ারি (হি.স.) : শর্ত সাপেক্ষে কংগ্রেসের প্রস্তাবিত ‘ভারত জোড়ো ন্যায় যাত্রা’র স্থান অনুমোদন করেছে মণিপুর সরকার। শর্ত বেঁধে দিয়ে বলা হয়েছে, ‘সীমিত অংশগ্রহণকারী’দের উপস্থিতিতে ‘ভারত জোড়ো ন্যায় যাত্রা’র অনুষ্ঠান করতে হবে। এই খবর জানিয়েছেন মণিপুর প্রদেশ কংগ্রেস কমিটির সভাপতি কে মেঘচন্দ্র।
প্রসঙ্গত, আজ বুধবার দুপুরে নয়াদিল্লিতে নিখিল ভারত জাতীয় কংগ্রেস কমিটির সর্বভারতীয় সাধারণ সম্পাদক কেসি বেণুগোপাল সাংবাদিক সম্মেলনে অভিযোগ তুলে বলেছিলেন, মণিপুরের রাজধানী ইমফলের প্যালেস গ্রাউন্ড থেকে কংগ্রেসের ‘ভারত জোড়ো ন্যায় যাত্রা’র অনুমতি দেয়নি মণিপুর সরকার। তিনি মণিপুর সরকারের নিন্দাও বলেছিলেন। তবে ঘোষণা করেছিলেন, সিদ্ধান্ত অনুযায়ী মণিপুর থেকেই যাত্রা শুরু করা হবে। মণিপুরের অন্য জায়গা থেকে এই যাত্রা শুরু করব, বলেছিলেন বেণুগোপাল।
দলের কেন্দ্রীয় নেতা ছাড়াও মণিপুর প্রদেশ কংগ্রেস কমিটির সভাপতি তথা বিধায়ক কে মেঘচন্দ্রও রাজ্য সরকারের এই সিদ্ধান্তকে দুর্ভাগ্যজনক বলে অভিহিত করে বলেছিলেন, প্যালেস গ্রাউন্ডে ‘ভারত জোড়ো ন্যায় যাত্রা’র আবেদন খারিজ করলেও তাঁরা থউবাল জেলার খংজোমের একটি বেসরকারি স্থানকে বাছাই করেছেন। সেখান থেকেই দলের কেন্দ্রীয় নেতা রাহুল গান্ধীর ‘ভারত জুড়ো ন্যায় যাত্রা’ শুরু হবে।
তবে সন্ধ্যারাতে মেঘচন্দ্র জানান, দলের প্ৰদেশ নেতাদের একটি প্ৰতিনিধি দল আজ বুধবার মুখ্যমন্ত্রী এন বীরেন সিংয়ের সাথে তাঁর অফিস কমপ্লেক্স-কাম-বাংলোয় গিয়ে দেখা করেছিলেন। মুখ্যমন্ত্রী তাঁদের বলেছিলেন, তাঁর সরকার রাজ্যের আইনশৃঙ্খলা পরিস্থিতির পরিপ্ৰেক্ষিতে বিশাল সংখ্যায় জন–সমাবেশের অনুমতি দিতে পারে না।
বেশ কিছুক্ষণ আলোচনার পর বিষয় সম্পর্কে ইতিবাচক পদক্ষেপ নেবেন বলে আশ্বাস দেন মুখ্যমন্ত্রী বীরেন সিং, জানান প্রদেশ কংগ্রেস সভাপতি। তিনি জানান, এর পর সন্ধ্যার দিকে কিছু শৰ্ত বেঁধে দিয়ে ইমফল পূৰ্ব জেলার হাপ্তা কাংজিবুং গ্রাউন্ড থেকে ‘ভারত জোড়ো ন্যায় যাত্রা’র কাৰ্যক্ৰম করার অনুমোদন দিয়েছে রাজ্য সরকার।
উল্লেখ্য, ইমফল পূর্ব জেলা ম্যাজিস্ট্রেটের কার্যালয় থেকে জারিকৃত আদেশে বলা হয়েছে, ‘যে কোনও অপ্রীতিকর ঘটনা এবং আইনশৃঙ্খলার বিঘ্ন এড়াতে আগামী ১৪ জানুয়ারি সীমিত সংখ্যক অংশগ্রহণকারীদের নিয়ে যাত্রার সূচনা করার অনুমতি দেওয়া হয়েছে।’
হিন্দুস্থান সমাচার / সমীপ / অরবিন্দ
