লখনউ, ১২ সেপ্টেম্বর (হি.স.): লখনউতে ভয়াবহ বাস দুর্ঘটনা। জানা গেছে, দুর্ঘটনায় এখনও পর্যন্ত পাঁচ জনের মৃত্যু হয়েছে। আহত হয়েছেন ১৯ জন। সূত্রের খবর, বৃহস্পতিবার রাতে লখনউতে একটি বাসের চালক নিয়ন্ত্রণ হারিয়ে উল্টে যাওয়ায় দুর্ঘটনা ঘটেছে। খবর পেয়ে পুলিশ ও স্থানীয়রা ঘটনাস্থলে পৌঁছে দ্রুত উদ্ধারকাজ শুরু করে। লখনউয়ের পুলিশ কমিশনার দুর্ঘটনার বিষয়টি নিশ্চিত করেছেন। তিনি জানিয়েছেন, আহতদের বেশিরভাগই এখনও হাসপাতালে চিকিৎসাধীন।
পুলিশের তরফে জানানো হয়েছে, বাসটি হারদোই থেকে আসছিল। এদিন রাতে বাসের চালক নিয়ন্ত্রণ হারিয়ে প্রথমে একটি জলের ট্যাঙ্কারে ধাক্কা মারে। এর পর বাসটি পাশের ২০ ফুট গভীর খাদে পড়ে যায়। স্থানীয়রা ঘটনাস্থলে ছুটে আসে। খবর পেয়ে পুলিশ ঘটনাস্থলে পৌঁছে দ্রুত উদ্ধারকাজ শুরু করে। আহত যাত্রীদের বাস থেকে বের করে চিকিৎসার জন্য দ্রুত নিকটবর্তী হাসপাতালে নিয়ে যাওয়া হয়। পুলিশের প্রাথমিক অনুমান, বাসটি দ্রুত গতিতে আসছিল। পুলিশ দুর্ঘটনার কারণ খতিয়ে দেখতে তদন্ত শুরু করেছে।
—————
হিন্দুস্থান সমাচার / সৌম্যজিৎ
