মেরঠ, ১৭ অক্টোবর (হি.স.): উত্তর প্রদেশের মেরঠের লোহিয়া নগরে বিস্ফোরণ হল একটি বাড়িতে। এই বিস্ফোরণে মৃত্যু হয়েছে ৪ জনের, এছাড়াও একজন আহত হয়েছেন। আহতদের উদ্ধার করে মেডিকেল কলেজে ভর্তি করা হয়েছে। মঙ্গলবার সকালে এই বিস্ফোরণ হয় বলে জানা গিয়েছে, বিস্ফোরণের অভিঘাতে বাড়িটি ধ্বংসস্তূপে পরিণত হয়েছে। বিস্ফোরণের খবর পাওয়ার পর ঘটনাস্থলে পৌঁছয় পুলিশ। কেন এই বিস্ফোরণ, তা তদন্ত করে দেখছে পুলিশ।
জেলা শাসক দীপক মীনা বলেছেন, বিস্ফোরণে ৫ জন আহত হন এবং তাঁদের মেডিক্যাল কলেজে পাঠানো হয়। আমরা ৪ জনের মৃত্যুর খবর পেয়েছি, সকলেই পুরুষ।আহত আরও একজন বিপদমুক্ত। ধ্বংসস্তূপের নিচে কেউ যেন আটকে না থাকেন, তা নিশ্চিত করতে তল্লাশি অভিযান জারি রাখা হয়। এখানে সাবান মোড়ানো এবং প্যাকেজিং করা হতো, বিস্ফোরণের সঠিক কারণ এখনও পর্যন্ত জানা যায়নি।
হিন্দুস্থান সমাচার। রাকেশ।
