পাটনা, ২৬ অক্টোবর (হি.স.): বিহারের জনগণের কাছে মহাজোটের জন্য ভোট চাইলেন আরজেডি নেতা তথা মহাজোটের মুখ তেজস্বী যাদব। রবিবার সকালে এক সাংবাদিক সম্মেলনে তেজস্বী বলেছেন, বিহারের জনগণ তাদের (বিজেপি-এনডিএ) ২০ বছর দিয়েছে; আমরা কেবল ২০ মাস চাইছি এবং জনগণের ওপর আমার পূর্ণ বিশ্বাস আছে, এবার পরিবর্তন আসবে এবং সরকারও পরিবর্তন হবে।
তেজস্বী যাদব আরও বলেন, মহাজোট একসঙ্গে একটি নতুন বিহার তৈরির জন্য কাজ করবে। পঞ্চায়েত প্রতিনিধি এবং অন্যান্য গ্রাম প্রতিনিধিদের ভাতা দ্বিগুণ করা হবে। প্রাক্তন পঞ্চায়েত এবং গ্রাম কাছারি প্রতিনিধিদের পেনশনের পরিমাণ দেওয়ার প্রক্রিয়া শুরু করা হবে।
তেজস্বী যাদব বলেন, প্রচার শুরু হয়ে গেছে, এবং বিহার পরিবর্তনের জন্য অধৈর্য হয়ে পড়েছে। আমরা যেখানেই যাচ্ছি, সকল জাত ও ধর্মের মানুষ আমাদের সমর্থন করতে আসছে। মানুষ বর্তমান সরকারের উপর বিরক্ত এবং বিহার সরকারকে পরিবর্তন করতে চায়। এই সরকারের অধীনে, দুর্নীতি এবং অপরাধ চরমে পৌঁছেছে। মানুষ বিজেপিকে বুঝতে পেরেছে।
—————
হিন্দুস্থান সমাচার / মৌমিতা
