নয়াদিল্লি, ২০ নভেম্বর (হি.স.): প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদী বিহারের মুখ্যমন্ত্রী হিসেবে শপথ নেওয়ায় নীতীশ কুমারকে অভিনন্দন জানিয়েছেন। এই বিষয়ে জানিয়েছে ভারত সরকারের প্রেস ইনফরমেশন ব্যুরো (পিআইবি)।
পিআইবি–র তরফে জানানো হয়েছে, এক্স বার্তায় প্রধানমন্ত্রী বলেছেন, বিহারের মুখ্যমন্ত্রী হিসেবে শপথ নেওয়ায় শ্রী নীতীশ কুমারকে অভিনন্দন। তিনি একজন অভিজ্ঞ প্রশাসক, দীর্ঘ সময় ধরে তিনি সুশাসনের প্রমাণ রেখেছেন। তাঁর এই মেয়াদের জন্য তাঁকে আমার শুভেচ্ছা।
অন্য এক এক্স বার্তায় দুই উপমুখ্যমন্ত্রী সম্রাট চৌধুরী এবং বিজয় সিনহাকে অভিনন্দন জানিয়ে প্রধানমন্ত্রী বলেছেন, বিহারের উপমুখ্যমন্ত্রী হওয়ায় শ্রী সম্রাট চৌধুরী এবং শ্রী বিজয় সিনহাকে অভিনন্দন। দুই নেতাই মানুষের সেবা করার জন্য তৃণমূল স্তরে অনেক কাজ করেছেন। তাঁদের জন্য শুভেচ্ছা।
বিহারের নতুন মন্ত্রিসভার সদস্যদের অভিনন্দন জানিয়ে এক্স বার্তায় প্রধানমন্ত্রী বলেছেন, বিহার সরকারের মন্ত্রী হিসেবে যাঁরা শপথ নিয়েছেন তাঁদের শুভেচ্ছা। নিষ্ঠাবান নেতাদের নিয়ে এই চমৎকার দল বিহারকে নতুন উচ্চতায় নিয়ে যাবে। তাঁদের সবাইকে আন্তরিক শুভেচ্ছা।
—————
হিন্দুস্থান সমাচার / সৌম্যজিৎ
